ট্রেনে ঘরমুখো মানুষের ঈদযাত্রা শুরু

প্রকাশ: শনিবার, ২৩ মে ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ণ
ট্রেনে ঘরমুখো মানুষের ঈদযাত্রা শুরু
সংগৃহীত ছবি

নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে ঘরমুখো মানুষের আনুষ্ঠানিক রেলযাত্রা আজ শনিবার (২৩ মে) সকাল থেকে শুরু হয়েছে। ভোর ৬টায় ঢাকা থেকে বিশেষ ব্যবস্থায় রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস ছেড়ে যাওয়ার মধ্য দিয়ে এই ঈদযাত্রা শুরু হয়। এরপর একে একে আরও বেশ কয়েকটি ট্রেন বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে কমলাপুর রেলস্টেশন ছেড়ে গেছে।

সকাল ১০টা পর্যন্ত স্টেশন থেকে অন্তত ৬টি ট্রেন ছেড়ে গেলেও ট্রেনগুলোর শিডিউলে কিছুটা বিপর্যয় দেখা গেছে। প্রতিটি ট্রেন ছেড়ে যেতে সর্বনিম্ন ১৫ মিনিট থেকে ৩০ মিনিট বা তার বেশি সময় দেরি হচ্ছে। সকাল ৯টা ১০ মিনিটে রংপুর এক্সপ্রেস স্টেশন ছাড়ার কথা থাকলেও সেটি ছেড়ে গেছে সাড়ে ৯টায়। এছাড়া সকাল ১০টায় জামালপুর এক্সপ্রেস ছাড়ার কথা থাকলেও নির্ধারিত সময়ে তা ছেড়ে যায়নি।

এদিকে সকালে রেলস্টেশনের বিভিন্ন প্ল্যাটফর্ম ঘুরে যাত্রীদের খোঁজখবর নেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন। প্রথম দিনে যাত্রীদের ভিড় ও চাপ কম থাকায় নির্ধারিত আসন পেতে কোনো সমস্যা না হলেও, কয়েকজন যাত্রী ট্রেনের ফ্যান নষ্ট, সিট ভাঙা এবং টয়লেট নোংরা থাকার অভিযোগ করেন। রেলওয়ের ডিজি যাত্রীদের এসব সমস্যা শুনে তা দ্রুত সমাধানের আশ্বাস দেন।

মন্তব্য করুন