শনিবার বগুড়ায় আসছেন ৩ মন্ত্রী
ওয়াফিক শিপলু, বগুড়া প্রতিনিধি: বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি, নানামুখী অবকাঠামো উদ্বোধন, ভিত্তিপ্রস্তর স্থাপন এবং সুশীল সমাজের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নিতে আগামী শনিবার (৮ আগস্ট ২০২৬) দিনব্যাপী সফরে বগুড়া আসছেন অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ সাতটি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত তিনজন মন্ত্রী ও প্রতিমন্ত্রী।
সফরসূচি অনুযায়ী, উক্ত কর্মসূচিতে অংশগ্রহণ করবেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি; সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ-পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম এমপি এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।
প্রশাসন সূত্রে জানা যায়, দিনব্যাপী বগুড়া অবস্থানকালে মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত পরিচালনা পর্ষদের শপথ ও অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করবেন। এ ছাড়া সফরকালে তাঁরা পুননির্মিত বগুড়া শাহ ফতেহ আলী সেতু ও নবগঠিত বগুড়া সড়ক জোনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। সেই সাথে শাকপালা পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন, প্রস্তাবিত বিসিক শিল্প পার্কের স্থান পরিদর্শন এবং স্থানীয় শিল্প উদ্যোক্তাদের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় যোগদান করবেন।
তিন সরকারের দায়িত্বশীলের এই গুরুত্বপূর্ণ সফরকে কেন্দ্র করে জেলা প্রশাসন, হাইওয়ে ও সড়ক বিভাগ এবং বিসিকসহ স্থানীয় বিভিন্ন দপ্তরে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। বগুড়ার ব্যবসায়ী সমাজ, শিল্প উদ্যোক্তা ও সাধারণ মানুষের মাঝে এ সফর ঘিরে ব্যাপক আগ্রহ ও উৎসাহের সৃষ্টি হয়েছে।
এআইএল/সকালবেলা
|