ইউনূস জামানায় উদীচীর ৫৭ বছরের ইতিহাস পুড়ে ছাই
জাতীয় ডেস্ক: ২০২৫ সালের ডিসেম্বরের রাজনৈতিক অস্থিরতার মধ্যে দেশের অন্যতম ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ওই বছরের ১৯ ডিসেম্বর তোপখানা রোডের কার্যালয়টিতে চালানো এই বর্বরোচিত হামলায় পুড়ে ছাই হয়ে যায় সংগঠনটির ৫৭ বছরের সাংস্কৃতিক ইতিহাস ও গুরুত্বপূর্ণ আর্কাইভ।
২০২৫ সালের ১৮ ডিসেম্বর সন্ধ্যায় রাজধানীর ছায়ানট ভবনে হামলার ঠিক একদিন পর, অর্থাৎ ১৯ ডিসেম্বর সন্ধ্যা ৭টা ৩৯ মিনিটের দিকে উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে এই হামলা চালানো হয়। সিসিটিভি ফুটেজে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্রধারী একদল যুবককে ভবনে প্রবেশ করতে দেখা যায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, আগুন দেওয়ার আগে পুরো কার্যালয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালানো হয়। পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট রাত ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
পাঁচতলা ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত উদীচীর এই প্রধান কার্যালয়ে সংরক্ষিত ছিল কয়েক হাজার বই, গুরুত্বপূর্ণ সাংগঠনিক নথিপত্র, পোস্টার, ব্যানার এবং আন্দোলনের ঐতিহাসিক দলিল। এছাড়া আগুনে পুড়ে গেছে নাটকের ১০টি পূর্ণাঙ্গ সেট এবং ১৯৬৮ সালের ২৯ অক্টোবর প্রতিষ্ঠার পর থেকে দীর্ঘ ৫৭ বছরের কার্যনির্বাহী কমিটির সভার রেজল্যুশন খাতা। উদীচী শিল্পীগোষ্ঠীর একাংশের সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়েই তিনি ঘটনাস্থলে ছুটে গিয়েছিলেন এবং ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন নেভানো হয়।
এই হামলাকে বাংলাদেশের ইতিহাস, মুক্তিযুদ্ধের চেতনা এবং অসাম্প্রদায়িক সংস্কৃতির ওপর পরিকল্পিত আঘাত বলে আখ্যা দিয়েছেন বিশিষ্টজনেরা।
তিনি বলেন, “ইউনূসের শাসনামলে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠানে বর্বরোচিত হামলা হয়েছে। এগুলো শুধু স্থাপনার ওপর নয়, বরং বাংলাদেশের ইতিহাস ও সাংস্কৃতিক পরিচয়ের ওপর আঘাত, যাতে ভবিষ্যৎ প্রজন্ম ঐতিহ্য থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। তিনি দাবি করেন, ছায়ানট ও উদীচী ধ্বংসের ঘোষণা আগেই দেওয়া হয়েছিল। অন্তর্বর্তী সরকারের নিষ্ক্রিয়তার সমালোচনা করে তিনি ইঙ্গিত দেন যে, সরকারের কোনো না কোনো অংশের প্রশ্রয়েই এই ঘটনাগুলো ঘটতে দেওয়া হয়েছে। তিনি এই ঘটনাকে ১৯৭১ সালের বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের সঙ্গে তুলনা করে বলেন, “এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। ৫৪ বছর আগে যেভাবে দেশের মেধা ও মননকে ধ্বংস করতে বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছিল, আজ একইভাবে সাংস্কৃতিক প্রতিষ্ঠান স্তব্ধ করার চেষ্টা চলছে।”
উল্লেখ্য, ১৯৬৮ সালে নিপীড়িত মানুষের পক্ষে সাংস্কৃতিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠিত উদীচীর এই কেন্দ্রীয় কার্যালয় ছাড়াও ইউনূস সরকারের আমলে বিভিন্ন জেলা কার্যালয়েও হামলা-ভাঙচুর হয়েছে বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে।