ঢাকাকে বাসযোগ্য করতে সিরিয়াসলি চিন্তা করতে হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান
জাতীয় ডেস্ক: আন্তর্জাতিক বিভিন্ন সূচকে বিশ্বের বসবাসের অযোগ্য শহরের তালিকায় বাংলাদেশের রাজধানী ঢাকার নাম শীর্ষ তিন নম্বরে থাকা নিয়ে গভীর উদ্বেগ ও অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, “বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম ও খবরে বলা হচ্ছে—বর্তমানে বিশ্বের বসবাসের অযোগ্য শহরের তালিকায় ঢাকা তৃতীয় স্থানে রয়েছে। একটি স্বাধীন দেশের রাজধানী হিসেবে এই চিত্র কোনোভাবেই কাম্য নয়। ঢাকাকে পুনরায় পরিবেশবান্ধব, সবুজ ও নাগরিক বান্ধব হিসেবে গড়ে তুলতে এখন আমাদের অত্যন্ত গুরুত্ব সহকারে বা ‘সিরিয়াসলি’ চিন্তা করতে হবে এবং কার্যকর পদক্ষেপ নিতে হবে।”
আজ বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘জাতীয় পরিবেশ পদক ২০২৬’ প্রদান এবং জাতীয় বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তিনি এসব কথা বলেন।
শিল্পায়নের নামে অপরিকল্পিত পরিবেশ দূষণ নিয়ে উষ্মা প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, “আমাদের দেশে মিল-কারখানা ও কলকারখানার বর্জ্যের কারণে যেভাবে সার্বিক পরিবেশের মারাত্মক দূষণ হচ্ছে, তা নিয়ে আমাদের সমাজের সর্বস্তরের মানুষের কম-বেশি দায় আছে। প্রকৃতির ইকোসিস্টেমের নিরাপদ লালন ও স্বাভাবিক বিকাশের সঙ্গেই মানবসমাজের অস্তিত্ব জড়িত। তাই পরিবেশের ক্ষতি করে কোনো উন্নয়ন টেকসই হতে পারে না।”
বৃক্ষমেলাকে একটি নিরাপদ ভবিষ্যৎ নির্মাণের দীর্ঘমেয়াদি রাষ্ট্রীয় বিনিয়োগ হিসেবে আখ্যা দিয়ে তিনি বলেন, “গাছ লাগানো বা পরিবেশ রক্ষার আন্দোলনকে শুধু বছরের একটি নির্দিষ্ট দিনের আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ রাখলে চলবে না। এটিকে আমাদের নৈমিত্তিক ও দৈনন্দিন অভ্যাসে পরিণত করতে হবে।” এ সময় প্রবাস জীবনের অভিজ্ঞতা টেনে প্রধানমন্ত্রী এক চমৎকার পারিবারিক পরামর্শ দিয়ে বলেন, “পরিবারে নতুন কোনো সন্তান জন্ম নিলে আমরা আনন্দ উৎসবের পাশাপাশি তার ভবিষ্যতের কথা চিন্তা করে তার নামে একটি করে গাছ লাগাতে পারি। আমি লন্ডনে প্রবাস জীবনে থাকার সময়ও সেখানে নাগরিকদের মাঝে এমন চমৎকার উদ্যোগ ও সংস্কৃতি দেখেছি।”
৫ বছরে ২৫ কোটি গাছ ও গ্রিন ভলান্টিয়ারিজম: পরিবেশের বিপর্যয় রোধে ও জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় বর্তমান সরকারের একগুচ্ছ মেগা পরিকল্পনার কথা এই মঞ্চ থেকে দেশবাসীকে জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি ঘোষণা করেন, দেশকে আবার সুজলা-সুফলা ও সবুজায়নের চাদরে ঢাকতে সরকার আগামী ৫ বছরে সারা দেশে ২৫ কোটি স্থায়ী ও ফলদ-বনজ বৃক্ষ রোপণের লক্ষ্যমাত্রা গ্রহণ করেছে।
একই সাথে পরিবেশ রক্ষায় তরুণ সমাজকে সরাসরি সম্পৃক্ত করতে খুব শীঘ্রই দেশব্যাপী ‘গ্রিন ভলান্টিয়ারিজম’ (Green Volunteerism) এবং জলবায়ু গবেষকদের জন্য বিশেষ ‘ক্লাইমেট ইয়ুথ ফেলোশিপ’ চালু করা হচ্ছে। সরকার এখন থেকে প্রতিটি মহানগরে ছাদ বাগান, পরিকল্পিত নগর বনায়ন (Urban Forestry) এবং ইকো ট্যুরিজমকে গ্রিন ইকোনমি বা দেশের অর্থনীতির নতুন ও সম্ভাবনাময় ক্ষেত্র হিসেবে বিবেচনা করতে চায়। এছাড়া বর্জ্য ব্যবস্থাপনায় বিশ্বজুড়ে সমাদৃত ‘থ্রি-আর’ (Reduce, Reuse, Recycle) নীতি জাতীয় পর্যায়ে বাধ্যতামূলকভাবে বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার।
বৃক্ষরোপণের ক্ষেত্রে বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণের তাগিদ দিয়ে সরকারপ্রধান বলেন, “আমাদের দেশে সামাজিক বনায়নের নামে অতীতে আকাশমনিসহ অনেক বিদেশী ক্ষতিকর গাছ লাগানো হয়েছে, যা ভূগর্ভস্থ পানি শোষণ করে এবং মাটির উর্বরতা নষ্ট করে। এই ধরনের ক্ষতিকর গাছ রোপণ থেকে আমাদের চিরতরে বিরত থাকতে হবে। এছাড়া, দেশের কোন অঞ্চলের মাটিতে কোন ধরনের দেশীয় গাছ রোপণ ভালো হবে, তা সাধারণ মানুষকে জানতে হবে। আমাদের ওষুধি, ফলদ এবং হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী দেশীয় গাছ রোপণে অনেক বেশি মনযোগী হতে হবে।”
তিনি দৃঢ়তার সাথে বলেন, “পরিবেশ রক্ষার মতো একটি বিশাল বিষয়কে শুধু আইন বা পুলিশ-প্রশাসন দিয়ে জোর করে চাপিয়ে সফল করা সম্ভব নয়। এর জন্য দরকার নাগরিকদের স্বতঃস্ফূর্ত সামাজিক সচেতনতা।”
অনুষ্ঠানের শেষ পর্যায়ে পরিবেশ সংরক্ষণ, পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ, পরিবেশ বিষয়ক শিক্ষা ও সচেতনতা এবং বৃক্ষরোপণসহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ও গৌরবোজ্জ্বল অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের পরিবেশ বিজ্ঞানী, শিক্ষক ও বিভিন্ন প্রাতিষ্ঠানিক উদ্যোক্তাদের মাঝে ৭টি ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে মোট ২১ জনের হাতে ‘জাতীয় পরিবেশ পদক ২০২৬’ তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর আগে তিনি সম্মেলন কেন্দ্র প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করে মাসব্যাপী জাতীয় বৃক্ষমেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।