প্রধানমন্ত্রী ও শি জিনপিংয়ের বৈঠক শুক্রবার

প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ণ
প্রধানমন্ত্রী ও শি জিনপিংয়ের বৈঠক শুক্রবার
নিজস্ব প্রতিবেদক: চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে আগামী শুক্রবার (২৬ জুন) দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। বেইজিংয়ে এই বৈঠকটি অনুষ্ঠিত হবে। এর আগে বৃহস্পতিবার (২৫ জুন) প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে বৈঠক করেছেন।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রীর এই বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এই আলোচনায় বাংলাদেশ ও চীনের মধ্যকার বিদ্যমান কৌশলগত সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার বিষয়ে গুরুত্ব দেওয়া হবে। এছাড়া দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ের পাশাপাশি আঞ্চলিক ও বৈশ্বিক নানা গুরুত্বপূর্ণ ইস্যুতে দুই নেতা আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে।

২২ থেকে ২৬ জুন পর্যন্ত মালয়েশিয়া ও চীন সফর করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মালয়েশিয়া সফর শেষে তিনি চীনের দালিয়ানে অনুষ্ঠিত ‘সামার দাভোস’ সম্মেলনে যোগ দেন এবং এরপর বেইজিংয়ে পৌঁছান। সফরসূচি অনুযায়ী, ২৬ জুন বেইজিংয়ে অবস্থানের শেষ দিনে তিনি চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ঝাও লেজির সঙ্গেও সাক্ষাৎ করবেন। এদিন তিনি তিয়েনআনমেন স্কয়ারে বীর যোদ্ধাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাবেন এবং বিকেলেই ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন।

উল্লেখ্য, ২৫ জুন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে বৈঠকে বাংলাদেশ ও চীনের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে ১৫টি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে, যা দুই দেশের অর্থনৈতিক ও উন্নয়নমূলক সম্পর্ককে আরও জোরদার করবে।

জান্নাত সকালবেলা

মন্তব্য করুন