‘এখন সময় দেশ গড়ার’: প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশ: রবিবার, ০৯ আগস্ট ২০২৬, ০৪:৩২ অপরাহ্ণ
‘এখন সময় দেশ গড়ার’: প্রধানমন্ত্রী তারেক রহমান
বাঁশখালীর সমাবেশে বক্তব্য দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক ঃ স্বাধীনতার দীর্ঘ সময় অতিক্রান্ত হওয়ার প্রেক্ষাপট টেনে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “দেশ স্বাধীন হওয়ার ৫০ বছরের অধিক সময় পেরিয়ে গেছে। আমাদের পরে স্বাধীন হয়েও বিশ্বের অনেক দেশ তাদের জনগণের জীবনমান উন্নত করতে পেরেছে এবং অর্থনীতি স্বাবলম্বী করতে পেরেছে। এখন সময় দেশ গড়ার, জনগণের জন্য কাজ করার। আপনাদের ভোটে নির্বাচিত বিএনপি সরকার জনগণের জন্যই কাজ করে যাচ্ছে।”আজ রবিবার (৯ আগস্ট, ২০২৬) চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া সমুদ্রসৈকত প্রাঙ্গণে আয়োজিত এক বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।সমাবেশে যোগ দেওয়ার আগে তিনি কক্সবাজারের মাতারবাড়ী অঞ্চল থেকে আগমন করেন এবং বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য সরকার কর্তৃক প্রস্তুতকৃত নবনির্মিত ঘর হস্তান্তর কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। দুপুর ২টায় প্রধানমন্ত্রী সমাবেশস্থলে এসে পৌঁছান।

উপকূলীয় ও প্রান্তিক জনগণের সামাজিক নিরাপত্তার বিষয়টি তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, “পরিবারের গৃহিণী ও নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে আমরা ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করেছি। পাশাপাশি প্রান্তিক কৃষকদের সুরক্ষায় কৃষক কার্ড চালু করা হয়েছে। বাঁশখালীর ঐতিহ্যবাহী লবণ চাষিরাও খুব শিগগিরই এই কল্যাণমূলক কার্ড প্রক্রিয়ার আওতায় আসবেন।”চট্টগ্রামের অর্থনৈতিক সম্ভাবনা ও বিদেশি বিনিয়োগের তথ্য উল্লেখ করে তারেক রহমান বলেন, “চীন সরকার এই অঞ্চলে বড় ধরনের বিনিয়োগ করবে। মাতারবাড়ী যাওয়ার পথে আমি মিরসরাই থেকে সমগ্র সমুদ্র উপকূলীয় অঞ্চল হেলিকপ্টার থেকে প্রত্যক্ষ করেছি। এই সমুদ্র আমাদের এক বিশাল প্রাকৃতিক সম্পদ। এখানে শত শত শিল্প-কারখানা স্থাপন করা হবে, যেখানে চট্টগ্রামের স্থানীয় বেকার যুবকদের কর্মসংস্থানের সংস্থান হবে।”আয়োজিত এই সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পু।পরবর্তীতে বিকেল ৩টায় প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি বাঁশখালী থেকে ফটিকছড়ির উদ্দেশ্যে যাত্রা করে। সেখানে পৌঁছানোর পর হেফাজতে ইসলামের আমীর আল্লামা মহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে তাঁর এক বিশেষ মতবিনিময় সভায় অংশ নেওয়ার কথা রয়েছে।

মন্তব্য করুন