জাতিসংঘে তারেক রহমানের ভাষণ, জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে নতুন রেকর্ড

প্রকাশ: শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪২ অপরাহ্ণ
জাতিসংঘে তারেক রহমানের ভাষণ, জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে নতুন রেকর্ড

বাসস: আগামী ২৪ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর আগে তাঁর বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৮০ সালের ২৬ আগস্ট এবং মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ১৯৯৩ সালের ১ অক্টোবর জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিয়েছিলেন।

তারেক রহমানের আসন্ন ভাষণের মাধ্যমে জাতিসংঘ সাধারণ পরিষদের সঙ্গে জিয়া পরিবারের চার দশকের দীর্ঘ সম্পর্কের এক নতুন দিগন্ত উন্মোচিত হতে যাচ্ছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানান, জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন প্রধানমন্ত্রী। ২৪ সেপ্টেম্বর তিনি সাধারণ পরিষদে বক্তব্য দেবেন। উক্ত ভাষণে জলবায়ু পরিবর্তন ও টেকসই কাঠামোর বিষয়টি বিশেষ গুরুত্ব পাবে।

অন্যদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানিয়েছেন, বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন দৃষ্টিভঙ্গি ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন প্রধানমন্ত্রী। দেশের গণতান্ত্রিক রূপান্তর, ভবিষ্যৎ উন্নয়ন, বৈশ্বিক শান্তি, আন্তর্জাতিক সংকটের টেকসই সমাধান, দারিদ্র্য বিমোচন ও জলবায়ু অর্থায়নের পাশাপাশি রোহিঙ্গা সংকট নিরসনের বিষয়টিও এ সফরে অগ্রাধিকার পাবে।

উল্লেখ্য, এবারের ৮১তম অধিবেশনটি বাংলাদেশের জন্য বাড়তি গৌরবের, কারণ পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বর্তমানে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালন করছেন। ২২ থেকে ২৬ সেপ্টেম্বর এবং ২৮ সেপ্টেম্বর পর্যন্ত এ সাধারণ বিতর্ক অনুষ্ঠিত হবে।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন