পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল মারিয়া সিস্তিয়াগা ওচোয়া দে চিনচেক্র। বৃহস্পতিবার (১৮ জুন) প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে উভয় পক্ষ বাংলাদেশ ও স্পেনের মধ্যকার বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী ও বহুমাত্রিক করার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। বিশেষ করে বাণিজ্য, বিনিয়োগ, নবায়নযোগ্য জ্বালানি, অবকাঠামো উন্নয়ন, পর্যটন, কৃষি, শিক্ষা, প্রযুক্তি এবং দক্ষ মানবসম্পদ উন্নয়নের ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়।
স্পেনের রাষ্ট্রদূত বাংলাদেশের চলমান অর্থনৈতিক অগ্রগতি, বিনিয়োগবান্ধব পরিবেশ এবং কৌশলগত অবস্থানের ভূয়সী প্রশংসা করেন। তিনি উৎপাদন শিল্প, নবায়নযোগ্য জ্বালানি, অবকাঠামো ও প্রযুক্তিসহ বিভিন্ন সম্ভাবনাময় খাতে স্পেনের বাণিজ্যিক সম্পৃক্ততা বৃদ্ধির আগ্রহ ব্যক্ত করেন।
পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির বাংলাদেশ ও স্পেনের মধ্যকার অর্থনৈতিক সহযোগিতার ক্রমবর্ধমান ধারার কথা উল্লেখ করে স্পেনের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান। তিনি বলেন, “বাংলাদেশ বিদেশি বিনিয়োগ আকর্ষণে একটি স্থিতিশীল ও সম্ভাবনাময় গন্তব্য হিসেবে আত্মপ্রকাশ করেছে। সরকার বিনিয়োগকারীদের জন্য সব ধরনের অনুকূল পরিবেশ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।”
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের বেসরকারি খাতের মধ্যে সহযোগিতা জোরদার করার সম্ভাবনা নিয়েও আলোচনা হয়। উভয় পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়সমূহে সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশ-স্পেন সম্পর্ককে নতুন উচ্চতায় উন্নীত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
জান্নাত সকালবেলা
|