বিদেশে না গিয়ে দেশেই হৃদরোগের আধুনিক চিকিৎসা সম্ভব: সমাজকল্যাণমন্ত্রী

প্রকাশ: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৭ অপরাহ্ণ
বিদেশে না গিয়ে দেশেই হৃদরোগের আধুনিক চিকিৎসা সম্ভব: সমাজকল্যাণমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: দেশের স্বাস্থ্যসেবাকে আরও সমৃদ্ধ করতে আগামী ৫০ বছরের চাহিদা বিবেচনায় রেখে দীর্ঘমেয়াদি ও টেকসই উন্নয়ন নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে (এনআইসিভিডি) ‘দ্য ফার্স্ট ওপেন হার্ট সার্জারি ডে’ এবং ‘কার্ডিওভাসকুলার সার্জিক্যাল কনফারেন্স অব এনআইসিভিডি-২০২৬’ উপলক্ষে আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

অনুষ্ঠানে জাহিদ হোসেন বলেন, "আমরা কেউ চিরদিন থাকব না, তবে এ দেশ ও এ দেশের মানুষ থাকবে। তাই সাধারণ মানুষের ভবিষ্যত প্রয়োজন মাথায় রেখেই আমাদের চিকিৎসাব্যবস্থার মাস্টারপ্ল্যান করতে হবে।" হৃদরোগীদের খরচ কমাতে সরকার ইতোমধ্যে চিকিৎসার জন্য প্রয়োজনীয় ভাল্ব ও স্টেন্টের ওপর কর মওকুফ করেছে বলেও তিনি উল্লেখ করেন।

বিশেষ অতিথির বক্তব্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু বলেন, দেশে এখন হৃদরোগের সব ধরনের সর্বাধুনিক চিকিৎসা সহজলভ্য। বর্তমান সরকার স্বাস্থ্য খাতকে অগ্রাধিকার দিয়ে জাতীয় বাজেটে সর্বোচ্চ বরাদ্দ রাখছে।

আলোচনা অনুষ্ঠানের পূর্বে সমাজকল্যাণমন্ত্রী একটি বর্ণাঢ্য র‍্যালিতে অংশগ্রহণ করেন এবং হাসপাতাল প্রাঙ্গণে একটি স্মারক নিমগাছের চারা রোপণ করেন।

উল্লেখ্য, ১৯৮১ সালের ১৮ সেপ্টেম্বর এই জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটেই বাংলাদেশের ইতিহাসে প্রথম সফল ‘ওপেন হার্ট সার্জারি’ সম্পন্ন হয়েছিল। ঐতিহাসিক সেই সাফল্য স্মরণে প্রতি বছর ১৮ সেপ্টেম্বরকে ‘দ্য ফার্স্ট ওপেন হার্ট সার্জারি ডে’ হিসেবে উদযাপন করা হয়।

মন্তব্য করুন