মমতার বক্তব্য নিয়ে বাংলাদেশের মন্তব্য করা উচিত নয়

প্রকাশ: বুধবার, ০৩ জুন ২০২৬, ০১:৪২ অপরাহ্ণ
মমতার বক্তব্য নিয়ে বাংলাদেশের মন্তব্য করা উচিত নয়

অনলাইন ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি দাবি নিয়ে বাংলাদেশের মন্তব্য করা বা আলোচনা করা উচিত নয় বলে মনে করছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। মমতা দাবি করেছিলেন, বাংলাদেশের একটি হত্যা মামলার আসামি ভারতের মেঘালয় দিয়ে পশ্চিমবঙ্গে প্রবেশের পর সেখানকার পুলিশ তাকে গ্রেপ্তার করে।

আজ বুধবার (৩ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এই মন্তব্য করেন।

শামা ওবায়েদ বলেন, “একটা নির্বাচন হয়েছে পাশের দেশে। যিনি হেরে গেছেন তিনি বলছেন, ওনাদের সরকারকে উদ্দেশ্য করে। সেটা নিয়ে এখানে বাংলাদেশের মন্তব্য করা উচিত হবে না বলে আমি মনে করি না। এটা আমাদের আলোচনা করার মতো বিষয় নয়।” তিনি আরও যোগ করেন, ভারত সরকার বাংলাদেশকে হাদির (ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদি) হত্যার ব্যাপারে কিছু বললে বাংলাদেশ অবশ্যই তা দেখবে।

হাদি হত্যা মামলার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, “অলরেডি এটা নিয়ে কাজ চলছে; স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় খুব সিরিয়াসলি কাজ করছে। হাদি হত্যার বিচার আমরা চাই এবং যারা ধরা পড়েছে ভারতে তাদের ফেরত এনে বিচার বাস্তবায়ন করতে হবে এবং দ্রুত করতে হবে। সে বিষয়ে আমরা সচেতন আছি।” এই হত্যাকারীদের ফেরত আনতে ভারত সরকারের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের মাধ্যমে গুরুত্ব দিয়ে কাজ চলছে এবং বিষয়টি বেশ ভালোই এগিয়েছে বলে জানান তিনি। 

গত মঙ্গলবার (২ জুন) কলকাতার ধর্মতলায় এক জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন, বাংলাদেশ থেকে এক বড় খুনি মেঘালয় দিয়ে বাংলায় চলে আসার পর তাঁদের এসটিএফ তাকে গ্রেপ্তার করেছিল, যা নিয়ে বাংলাদেশে অনেক তোলপাড় হয়েছিল। দেশের স্বার্থে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী তৎকালীন পশ্চিমবঙ্গ সরকারকে এ বিষয়ে মুখ খুলতে নিষেধ করায় তিনি এতদিন বলেননি। মমতা আরও বলেন, “কাকে দিয়ে খুন করিয়েছিলেন? কার কার নাম বেরিয়ে ছিল? সবটাই জানি। আজকে অত্যাচারের শেষ সীমায় গেছেন বলে আমি এখনো নামটা বলছি না ভদ্রতা করে। বাংলাদেশের লোক উত্তাল হয়ে যাবে, আমি সেটা চাই না।”