জঙ্গিবাদের ন্যারেটিভ আওয়ামী লীগের পুরোনো কৌশল: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশ: বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ণ
জঙ্গিবাদের ন্যারেটিভ আওয়ামী লীগের পুরোনো কৌশল: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বিশেষ প্রতিবেদক: আওয়ামী লীগ নিজ রাজনৈতিক স্বার্থ হাসিলের উদ্দেশ্যে পুনরায় ‘জঙ্গিবাদের মিথ্যা অপপ্রচার’ বা ন্যারেটিভ সামনে আনার চক্রান্ত করছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি একে দলটির বহু পুরোনো ও ক্ষয়িষ্ণু রাজনৈতিক কৌশল হিসেবে উল্লেখ করেন।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত একটি অনুষ্ঠানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ভার্চ্যুয়াল বক্তব্য প্রদান প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শামা ওবায়েদ বলেন, বিগত ১৭ বছরের শাসনকালে গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড এবং ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো আন্তর্জাতিক সম্প্রদায়ের চোখ থেকে আড়াল করতেই এই কৌশল প্রয়োগ করা হতো। বর্তমানে বিদেশের মাটিতে বসেও তারা একই অপরাজনীতি চালিয়ে যাচ্ছে।

তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশে এখন জনগণের ম্যান্ডেটপ্রাপ্ত সরকার ও শক্তিশালী বিরোধী দলীয় উপস্থিতি রয়েছে; ফলে এখানে কোনো ধরনের জঙ্গিবাদের স্থান নেই। কেবল আন্তর্জাতিক মহলের সহানুভূতি ও মনোযোগ আকর্ষণের জন্যই আওয়ামী লীগ এসব কাল্পনিক প্রচার চালাচ্ছে।

ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়ে কথা বলতে গিয়ে প্রতিমন্ত্রী জানান, শেখ হাসিনার বিতর্কিত ও ষড়যন্ত্রমূলক তৎপরতা নিয়ে বাংলাদেশ সরকার ইতোমধ্যে আনুষ্ঠানিকভাবে নয়াদিল্লির কাছে গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

তিনি জোরালো ভাষায় বলেন, ভারতের ভূখণ্ড ব্যবহার করে একজন ‘দণ্ডপ্রাপ্ত স্বৈরাচার’ এবং তাঁর সহযোগীরা যদি বাংলাদেশবিরোধী রাজনৈতিক ষড়যন্ত্র চালিয়ে যান এবং ভারত সরকার তাতে বাধা না দেয়, তবে তা বাংলাদেশের মানুষের মনে গভীর ক্ষোভের জন্ম দেবে। দুই দেশের মধ্যে বিদ্যুৎ, পানিবণ্টন ও সীমান্ত ব্যবস্থাপনার মতো দ্বিপক্ষীয় সহযোগিতার আলোচনা স্বাভাবিক নিয়মেই চলবে, তবে ভারতকে জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের জনআকাঙ্ক্ষা এবং অনুভূতির প্রতি আরও যত্নশীল ও সংবেদনশীল হতে হবে।

আওয়ামী লীগের বর্তমান মানবাধিকারবিষয়ক মন্তব্যকে ‘হাস্যকর’ অ্যাখ্যা দিয়ে শামা ওবায়েদ প্রশ্ন তোলেন— ইলিয়াস আলীসহ অসংখ্য মানুষ যখন গুম হয়েছিলেন কিংবা জুলাই-আগস্টে হেলিকপ্টার থেকে গুলি চালিয়ে নির্বিচারে মানুষ হত্যা করা হয়েছিল, তখন তাদের এই মানবাধিকার চেতনা কোথায় লুকিয়ে ছিল?

পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, বাংলাদেশের আপামর জনগণ এখন ঐক্যবদ্ধ এবং বিগত ১৮ বছরের কোনো ফ্যাসিবাদী ব্যবস্থার পুনরাবৃত্তি এ দেশের মাটিতে আর হতে দেওয়া হবে না।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন