হামের বিষয়ে তদন্ত কমিটি হবে: তথ্য উপদেষ্টা

প্রকাশ: মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১২:৫৯ অপরাহ্ণ
হামের বিষয়ে তদন্ত কমিটি হবে: তথ্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: দেশে হামের সংক্রমণ এবং উদ্ভূত সংকটময় পরিস্থিতি খতিয়ে দেখতে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান।

মঙ্গলবার (১২ মে) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এই তথ্য জানান।

তথ্য উপদেষ্টা বলেন, “হামের সংক্রমণে চার শতাধিক শিশুর মৃত্যু একটি অত্যন্ত স্পর্শকাতর ও বড় বিষয়। কী কারণে হামের টিকার সংকট তৈরি হলো এবং টিকা দেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের প্রশাসনিক বা কারিগরি অবহেলা ছিল কি না—সবকিছুই তদন্ত করা হবে।” তিনি জানান, বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে এবং দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে এই কমিটি গঠন করা হবে।

ডা. জাহেদ উর রহমান স্পষ্ট করে বলেন, তদন্তে যদি কারও অপরাধ বা গাফিলতি প্রমাণিত হয়, তবে অবশ্যই তাঁদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি দেওয়া হবে। তিনি হামের চিকিৎসায় সরকারি সুযোগ-সুবিধা আরও বাড়ানোর প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

ব্রিফিংয়ে স্বাস্থ্য বিষয়ের পাশাপাশি জ্বালানি নিয়েও কথা বলেন তথ্য উপদেষ্টা। তিনি আশ্বাস দিয়ে বলেন, বর্তমানে দেশে জ্বালানির চাহিদা অনুযায়ী সরবরাহ স্বাভাবিক রয়েছে এবং কোনো ধরনের জ্বালানি সংকট নেই।

উল্লেখ্য, গত কয়েক মাসে দেশের বিভিন্ন স্থানে হামের সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করেছে, যা মোকাবিলায় সরকার বিশেষ ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নিয়েছে।