সম্পত্তি হস্তান্তর বিলের ত্রুটি নিয়ে আইনমন্ত্রীর সঙ্গে তরুণ আলেমদের বৈঠক
বিশেষ সংবাদদাতা: প্রস্তাবিত সম্পত্তি হস্তান্তর বিলের বিভিন্ন ধারার ত্রুটি ও শরীয়াহ সংক্রান্ত অসঙ্গতি তুলে ধরতে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানের সঙ্গে বৈঠক করেছেন শীর্ষস্থানীয় আলেমদের একটি প্রতিনিধিদল।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ে আইনমন্ত্রীর কার্যালয়ে এই দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে গণমাধ্যমকে বিষযেটি নিশ্চিত করেছেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মাহ পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি শামসুদ্দোহা আশরাফী।
তিনি জানান, প্রস্তাবিত আইনটির বেশ কিছু ধারায় বিদ্যমান জটিলতা ও শরীয়াহবিরোধী দিকগুলো সরাসরি আইনমন্ত্রীর দৃষ্টিগোচর করতেই এই আলোচনার আয়োজন করা হয়। বৈঠকে আলেমদের প্রতিনিধিদল আইনের ত্রুটিগুলোর বিস্তারিত ব্যাখ্যা ও ধর্মীয় যুক্তি উপস্থাপন করেন। আইনমন্ত্রী তাঁদের বক্তব্য গুরুত্বসহকারে শোনেন, কিছু বিষয়ে নোট নেন এবং সংশ্লিষ্ট কিছু ধারার পক্ষে সরকারের অবস্থান ব্যাখ্যা করেন। তবে আলেমরা মন্ত্রীর ব্যাখ্যার পাল্টা যুক্তিতে আইনের অসঙ্গতিগুলো পুনরায় তুলে ধরেন।
সচিবালয়ের এই গুরুত্বপূর্ণ বৈঠকে আলেম প্রতিনিধিদলের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মাহ পরিষদের মহাসচিব মুফতি রেজাউল করিম আবরার, যুগ্ম মহাসচিব মুফতি শামসুদ্দোহা আশরাফী, বাংলাদেশ ফিকাহ একাডেমির মহাপরিচালক মুফতি ফয়সাল মাহমুদ হাবিবী, হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাওলানা আফসার মাহমুদ, ইসলামবাগ মাদরাসার মুহতামিম মুফতি আব্দুল কাইয়ুম কাসেমী এবং জামিয়াতুল মানহাল উত্তরার শাইখুল হাদিস মুফতি আদনান মাসউদ।
এআইএল/সকালবেলা