জয় ও পলকের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আজ সাক্ষ্যগ্রহণ

প্রকাশ: সোমবার, ১৮ মে ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ণ
জয় ও পলকের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আজ সাক্ষ্যগ্রহণ

জাতীয় ডেস্ক: জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে আজ সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে।

আজ সোমবার (১৮ মে) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এই সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, এর আগে গত ৩ মে মামলার ৬ নম্বর সাক্ষীর জবানবন্দি ও সাক্ষ্যগ্রহণের দিন নির্ধারিত ছিল। তবে ওই সাক্ষী অসুস্থ থাকায় ট্রাইব্যুনালে হাজির হতে পারেননি। এর পরিপ্রেক্ষিতে আদালত তৎকালীন সাক্ষ্যগ্রহণ পিছিয়ে আজকের দিন (১৮ মে) নতুন তারিখ ধার্য করেন।

এই মামলায় সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বর্তমানে গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন। অন্যদিকে, সজীব ওয়াজেদ জয় পলাতক থাকায় তাঁর অনুপস্থিতিতে আইনি লড়াই পরিচালনার জন্য রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মনজুর আলম কাজ করছেন। এর আগে গত ২৬ এপ্রিল মামলার ৫ নম্বর সাক্ষী হিসেবে বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) এক কর্মকর্তার জেরা সম্পন্ন হয়। আইনজীবী আমিনুল গণি টিটোসহ আসামিপক্ষের আইনজীবীরা তাঁকে জেরা করেন।

প্রসিকিউশনের পক্ষ থেকে জয় ও পলকের বিরুদ্ধে মূল তিনটি অভিযোগ আনা হয়েছে। অভিযোগে বলা হয়েছে

সজীব ওয়াজেদ জয়ের নির্দেশে ২০২৪ সালের ১৪ জুলাই রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে উসকানিমূলক কর্মকাণ্ডে জড়ান জুনাইদ আহমেদ পলক। এর ধারাবাহিকতায় ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন স্থানে কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর পুলিশ, তৎকালীন সরকারি দল আওয়ামী লীগ ও ছাত্রলীগের সশস্ত্র ক্যাডাররা একযোগে বর্বরোচিত হামলা চালায়। পরবর্তীতে দেশে ইন্টারনেট শাটডাউন (বন্ধ) করে মারণাস্ত্র ব্যবহারে উসকানি, প্ররোচনা এবং সাধারণ শিক্ষার্থী ও জনতাকে হত্যায় সরাসরি সহায়তা করার অভিযোগ আনা হয়েছে। এসব হামলায় রাসেল, মোসলেহ উদ্দিনসহ ২৮ জন নিহত হন বলে এজাহারে উল্লেখ রয়েছে। এছাড়া উত্তরায় পৃথক আরেকটি ঘটনায় ৩৪ জনকে হত্যায় সহায়তার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।

উল্লেখ্য, গত বছরের ৪ ডিসেম্বর প্রসিকিউশনের জমা দেওয়া ফরমাল চার্জ (আনুষ্ঠানিক অভিযোগপত্র) আমলে নেন আদালত। পরবর্তীতে চলতি বছরের ২১ জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ জয় ও পলকের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ গঠনের মাধ্যমে এই বিচার শুরুর আদেশ দেন।

জান্নাত/সকালবেলা

মন্তব্য করুন