অসংখ্য ডিসেম্বর আসবে তবুও শেখ হাসিনা ফিরে আসবে না: রাশেদ খান

প্রকাশ: শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০২:৩২ অপরাহ্ণ
অসংখ্য ডিসেম্বর আসবে তবুও শেখ হাসিনা ফিরে আসবে না: রাশেদ খান

অনলাইন ডেস্ক: অসংখ্য ডিসেম্বর আসবে ও পার হবে, তবুও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর কখনো বাংলাদেশে ফিরে আসতে পারবেন না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খান।

তিনি স্পষ্ট করে বলেন, ‘আওয়ামী লীগের (বর্তমানে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ) চূড়ান্ত নৈতিক পরাজয় ও নৈতিক পতন ঘটে গেছে।’

শুক্রবার (৯ অক্টোবর) সকালে মাগুরা শহরের পারনান্দুয়ালী এলাকায় জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ মাগুরা জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শহীদ মেহেদী হাসান রাব্বীর কবর জিয়ারত শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

কবর জিয়ারত ও দোয়া মাহফিল শেষে স্থানীয় সাংবাদিকদের মুখোমুখি হয়ে মো. রাশেদ খান আওয়ামী লীগের বর্তমান পরিস্থিতি নিয়ে তীব্র সমালোচনা করেন।

তিনি বলেন, ‘শেখ হাসিনার কবর দেওয়ার মতো ন্যূনতম সাহসও আজ বাংলাদেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের কারও নেই। যে আওয়ামী লীগ গণঅভ্যুত্থানের মুখে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছে, সেই আওয়ামী লীগ ফাঁসির দড়িতে ঝুলতে ফের বাংলাদেশে ফিরে আসবে—এমন কথা পাগল ছাড়া সুস্থ মস্তিষ্কের কেউ বিশ্বাস করে না।’

এর আগে রাশেদ খান মাগুরা জেলা ছাত্রদলের শহীদ নেতা মেহেদী হাসান রাব্বীর কবর জিয়ারত করেন এবং তাঁর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত অংশ নেন। এ সময় তিনি শহীদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

তিনি আরও জানান, জুলাই-আগস্টের আন্দোলনে শহীদদের আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া হবে না এবং সকল হত্যাকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত করতে বর্তমান সরকার বদ্ধপরিকর।