ঈদযাত্রায় বড় শিডিউল বিপর্যয়ের শঙ্কা নেই: রেলসচিব

প্রকাশ: শনিবার, ২৩ মে ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ণ
ঈদযাত্রায় বড় শিডিউল বিপর্যয়ের শঙ্কা নেই: রেলসচিব
কমলাপুর রেলস্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন রেলসচিব মো. ফাহিমুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে ট্রেনের আনুষ্ঠানিক ঈদযাত্রা আজ শনিবার (২৩ মে) থেকে শুরু হয়েছে। যাত্রীদের নির্বিঘ্ন ভ্রমণ নিশ্চিত করতে বাংলাদেশ রেলওয়ে সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে এবং বর্তমানে যে প্রস্তুতি রয়েছে, তাতে ঈদযাত্রায় বড় ধরনের শিডিউল বিপর্যয়ের আশঙ্কা নেই বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম। আজ সকাল ১০টায় রাজধানীর কমলাপুর রেলস্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।

রেলসচিব বলেন, গত ঈদুল ফিতরে সামগ্রিক ব্যবস্থাপনা ভালো ছিল। তবে পশ্চিমাঞ্চলে একটি ট্রেন লাইনচ্যুত হওয়া এবং কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় বাসের সঙ্গে দুর্ঘটনার মতো দুটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল। বড় কোনো দুর্ঘটনা এবার যেন না ঘটে, সে জন্য নজরদারি রাখা হচ্ছে।

আজ সকালে দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনের ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়া প্রসঙ্গে তিনি জানান, ট্রেনটি সকাল ৫টা ৪০ মিনিটে ছাড়ার পরপরই ইঞ্জিন বিকল হয়ে পড়ে। পরে রিজার্ভ ইঞ্জিন সংযুক্ত করে আবার যাত্রা শুরু করানো হয়। এর প্রভাবে পরবর্তী কয়েকটি ট্রেন ১৫ মিনিট থেকে আধা ঘণ্টা পর্যন্ত বিলম্বিত হয়। রংপুর এক্সপ্রেস ১৮ মিনিট দেরিতে ছেড়েছে। তবে এখন পরিস্থিতি স্বাভাবিক হয়ে এসেছে এবং জামালপুর এক্সপ্রেস নির্ধারিত সময়েই ছাড়বে।

লোকোমোটিভ সংকট মোকাবিলায় আগাম প্রস্তুতির কথা তুলে ধরে রেলসচিব বলেন, ঈদের সময় ৮৫টি মিটারগেজ লোকোমোটিভ সচল রাখার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। আজ ৭৮ থেকে ৭৯টি প্রস্তুত রয়েছে, যা আগামীকাল থেকে ৮০টির বেশি হবে। এছাড়া ট্রেনের ছাদে যাত্রী ওঠা ঠেকাতে এবং টিকিটবিহীন যাত্রী প্রবেশ বন্ধ করতে তিন স্তরের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ স্টেশনগুলোতে ম্যাজিস্ট্রেটসহ ভ্রাম্যমাণ আদালত দায়িত্ব পালন করবে।

যাত্রী চাপের কারণে এবারও ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট রাখা হয়েছে জানিয়ে তিনি বলেন, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রেলওয়ে নিরাপত্তা বাহিনী, জিআরপি, মেট্রোপলিটন পুলিশ ও এপিবিএন একসঙ্গে কাজ করছে। যাত্রীরা যেকোনো অভিযোগ বা সহায়তার জন্য রেলওয়ের ১৩১ হটলাইনে যোগাযোগ করতে পারবেন।