৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের প্রস্তাব সংসদে
ব্যাংক খাতে আস্থাহীনতার কথা উল্লেখ করে নোয়াখালী-১ আসনের এই সংসদ সদস্য বলেন, দেশের একটি বড় অংশের অর্থ বর্তমানে ব্যাংকিং খাতের বাইরে বাসায় সংরক্ষিত রয়েছে। অতীতে যারা অর্থ পাচারের সঙ্গে যুক্ত ছিলেন বা স্বৈরাচারী শাসনের সুবিধাভোগী ছিলেন, তাদের কাছেও বিপুল পরিমাণ নগদ অর্থ রয়েছে।
মাহবুব উদ্দিন খোকন প্রস্তাব করেন, সরকার যদি ৫০০ ও ১০০০ টাকার নোট সাময়িকভাবে বাতিল করে এবং দুই মাসের মধ্যে তা ব্যাংকে জমা দেওয়ার সময়সীমা বেঁধে দেয়, তবে ব্যাংকিং খাতে তারল্য সংকট অনেকটাই কেটে যাবে। তিনি পরামর্শ দেন, যেসব অর্থ আয়কর নথিতে নেই, সেগুলো ২৫ শতাংশ কর প্রদানের মাধ্যমে বৈধ করার সুযোগ দিলে সরকারের বাজেট ঘাটতি কমবে এবং বিনিয়োগ ও উৎপাদনমুখী খাতে অর্থের প্রবাহ বাড়বে।
সংসদ সদস্য আরও বলেন, দেশে প্রয়োজনের তুলনায় ব্যাংকের সংখ্যা অনেক বেশি। জনগণের আমানতের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাংক খাত পুনর্গঠন এখন সময়ের দাবি। তিনি উল্লেখ করেন, বারবার জনগণের করের টাকায় ব্যাংকের ঘাটতি পূরণ করা কোনো সমাধান হতে পারে না।
বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও বেকারত্বকে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করেন মাহবুব উদ্দিন খোকন। তিনি জোর দিয়ে বলেন, বিপুলসংখ্যক যুবকের কর্মসংস্থান নিশ্চিত করা না গেলে দেশের স্থিতিশীলতা বজায় রাখা কঠিন হবে। বিদেশে পাচার হওয়া অর্থ ফেরানোর জটিলতার কথা তুলে ধরে তিনি এমন একটি আর্থিক পরিবেশ তৈরির আহ্বান জানান, যেখানে মানুষ বিনিয়োগে আস্থা খুঁজে পাবে।
পরিশেষে তিনি স্বীকার করেন যে, ঘাটতি বাজেট কোনো অস্বাভাবিক ঘটনা নয় এবং বর্তমানের কঠিন অর্থনৈতিক পরিস্থিতিতে প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর নেতৃত্বে এই বাজেট প্রণয়ন একটি সময়োপযোগী পদক্ষেপ।
জান্নাত সকালবেলা
|