আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংঘাতের শঙ্কা, দেশজুড়ে পুলিশের সতর্কতা

প্রকাশ: শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০১:৩৫ অপরাহ্ণ
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংঘাতের শঙ্কা, দেশজুড়ে পুলিশের সতর্কতা
নিজস্ব প্রতিবেদক: নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা করছে পুলিশ সদর দপ্তর। উদ্ভূত পরিস্থিতিতে দেশের সব পুলিশ ইউনিটকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থেকে প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

পুলিশ সদর দপ্তরের ডিআইজি (কনফিডেনশিয়াল) মো. কামরুল আহসান স্বাক্ষরিত একটি চিঠিতে এই নির্দেশনা জানানো হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ সদর দপ্তর আশঙ্কা করছে যে, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশের বিভিন্ন স্থানে গোপনে বা প্রকাশ্যে পতাকা উত্তোলন ও মিছিলের চেষ্টা চালাতে পারেন। এর ফলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে তাদের সংঘাতের প্রবল সম্ভাবনা রয়েছে।

পুলিশ সদর দপ্তরের চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে:

কর্মসূচি পালনে বাধা দিলে পুলিশের ওপর হামলা বা চড়াও হওয়ার প্রবণতা দেখা দিতে পারে।সাম্প্রতিক সময়ে নিষিদ্ধ দলটির নেতাকর্মীরা ঝটিকা মিছিল ও প্রচারপত্র বিলির মাধ্যমে উত্তেজনা সৃষ্টির চেষ্টা করছে। বৃহস্পতিবার রাজধানীর মহাখালীতে ঝটিকা মিছিল থেকে ককটেল বিস্ফোরণ এবং গণভবনের সামনে যুবলীগের মিছিলের মতো ঘটনা উদ্বেগ সৃষ্টি করেছে।

সম্ভাব্য যেকোনো নাশকতামূলক কর্মকাণ্ড বা সহিংসতা কঠোর হাতে দমন করতে দেশের সব মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের মাঠপর্যায়ে কঠোর নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। জননিরাপত্তা যেন কোনোভাবেই বিঘ্নিত না হয়, সেজন্য পুলিশ বাহিনীকে সতর্ক অবস্থানে থাকতে বলা হয়েছে। নিষিদ্ধ ঘোষিত কোনো দলের অসাংবিধানিক কর্মকাণ্ড প্রতিহতে পুলিশের তৎপরতা অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

জান্নাত সকালবেলা

মন্তব্য করুন