হামে নিউমোনিয়া ও মৃত্যুঝুঁকি এড়াতে দ্রুত চিকিৎসার পরামর্শ বিশেষজ্ঞদের
নিজস্ব প্রতিবেদক: দেশে চলমান হামের প্রাদুর্ভাবের মধ্যে সময়মতো চিকিৎসা ও রোগ শনাক্তের ওপর গুরুত্বারোপ করেছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। তারা জানিয়েছেন, আক্রান্ত শিশুদের ৯৯ শতাংশই সঠিক চিকিৎসায় সুস্থ হয়ে ওঠে। তবে হাসপাতালে আনতে দেরি হলে নিউমোনিয়া ও শ্বাসতন্ত্রের জটিলতা দেখা দেয়, যা মৃত্যুর প্রধান কারণ হয়ে দাঁড়ায়।
শুক্রবার (১৫ মে) বাংলাদেশ লাং ফাউন্ডেশন ও চেস্ট অ্যান্ড হার্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বক্ষব্যাধি বিশেষজ্ঞ ডা. জিয়াউল হক জানান, গত মার্চ থেকে ১৪ মে পর্যন্ত দেশে ৫৪ হাজার ৪১৯ জন শিশুর মধ্যে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে। এর মধ্যে মোট ৪৩৯ জনের মৃত্যু হয়েছে।
বিশেষজ্ঞরা বলেন, হামজনিত মৃত্যুর অন্যতম প্রধান কারণ হলো শ্বাসতন্ত্র বিকল হয়ে পড়া। গবেষণায় দেখা গেছে, হামে আক্রান্ত শিশুদের ৫ থেকে ৮ শতাংশের নিউমোনিয়া হয়। তবে জটিলতা গুরুতর আকার ধারণ করলে মৃত্যুহার ৮০ শতাংশ পর্যন্ত পৌঁছাতে পারে। বিশেষ করে অপুষ্টিতে ভোগা শিশুদের ক্ষেত্রে এই ঝুঁকি সবচেয়ে বেশি।
শিশুরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. আবিদ হোসেন মোল্লা বলেন, হাম শরীরের রোগ প্রতিরোধক্ষমতা দুর্বল করে দেয়। ফলে আক্রান্ত শিশুর শ্বাসকষ্ট, উচ্চ জ্বর বা অক্সিজেনের মাত্রা কমে গেলে এক মুহূর্ত দেরি না করে দ্রুত হাসপাতালে নিতে হবে। দেরি করলেই পরিস্থিতি সংকটাপন্ন হয়ে পড়ে।
পরিস্থিতি মোকাবিলায় বিশেষজ্ঞরা সরকারকে কয়েকটি সুপারিশ দিয়েছেন। এর মধ্যে রয়েছে—অগ্রাধিকার ভিত্তিতে টিকাদান জোরদার করা, জেলা-উপজেলা পর্যায়ে ‘ফিভার কর্নার’ চালু করা এবং দেশব্যাপী সচেতনতা বাড়ানো। সংবাদ সম্মেলনে বিশেষজ্ঞ চিকিৎসকরা জনগণের প্রতি আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার আহ্বান জানান।