প্রধানমন্ত্রীর সফর ঘিরে কটিয়াদীতে ব্যস্ততা, উন্নয়নের আশায় স্থানীয়রা

প্রকাশ: শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ণ
প্রধানমন্ত্রীর সফর ঘিরে কটিয়াদীতে ব্যস্ততা, উন্নয়নের আশায় স্থানীয়রা

মিজানুর রহমান, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদীতে এখন আলোচনার কেন্দ্রবিন্দু প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন সফর। আগামী ১৬ আগস্ট জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬-এর কেন্দ্রীয় উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে তাঁর কটিয়াদীতে আসার কথা রয়েছে। এ সফরকে কেন্দ্র করে প্রশাসনিক ব্যস্ততার পাশাপাশি স্থানীয়দের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে কটিয়াদীর আচমিতা জর্জ ইন্সটিটিউশন মাঠে চলছে অনুষ্ঠানের বিশাল প্রস্তুতি। পাশাপাশি গুরুত্বপূর্ণ সড়ক পরিষ্কার-পরিচ্ছন্ন করা এবং নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।

সফরসূচি অনুযায়ী, রোববার বেলা সাড়ে ১২টায় প্রধানমন্ত্রী কটিয়াদী কার্প হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শন করবেন। পরবর্তীতে দুপুর ১টায় আচমিতা জর্জ ইন্সটিটিউশন মাঠে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। অনুষ্ঠানে মৎস্য খাতে বিশেষ অবদানের জন্য উদ্যোক্তাদের স্বর্ণপদক প্রদান করা হবে।

এদিকে প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে কটিয়াদী বাসীর প্রাপ্তির প্রত্যাশাও বাড়ছে। ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়ক চার লেনে উন্নীতকরণ, কটিয়াদী-পাকুন্দিয়া-ইটাখোলা সড়ক প্রশস্তকরণ, গ্যাস সরবরাহ সম্প্রসারণ এবং বন্ধ থাকা কালিয়াচাপড়া চিনিকল চালুর জোরালো দাবি রয়েছে স্থানীয়দের।

পাশাপাশি মৎস্যসমৃদ্ধ এ অঞ্চলে আধুনিক প্রযুক্তি ও সহজ ঋণসুবিধা নিশ্চিতের মাধ্যমে মৎস্য খাতের বৈপ্লবিক পরিবর্তনের আশা করছেন স্থানীয় মৎস্যচাষীরা। কটিয়াদীবাসীর প্রত্যাশা, এই সফরের মাধ্যমে এলাকার দীর্ঘদিনের উন্নয়ন-সমস্যার স্থায়ী সমাধান মিলবে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন