সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী
অনলাইন ডেস্ক: সরকার ও ব্যবসায়ীরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে দেশের অর্থনীতিতে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (১ আগস্ট) প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) আয়োজিত বেসরকারি উদ্যোক্তাদের সঙ্গে এক উচ্চপর্যায়ের মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।
দেশ ও জনগণের কল্যাণই সরকারের মূল লক্ষ্য উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, "বিদ্যমান অর্থনৈতিক চ্যালেঞ্জগুলো সরকার যেমন বুঝতে পারছে, তেমনি ব্যবসায়ীরাও তা অনুধাবন করছেন। কিছু কিছু ক্ষেত্রে যেসব সমস্যা রয়েছে, ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা ও সমন্বিত চেষ্টার মাধ্যমে তা দ্রুত কাটিয়ে ওঠা সম্ভব।"
সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে তারেক রহমান বলেন, "আমাদের সরকারের বয়স এখনও ছয় মাস পূর্ণ হয়নি। এই স্বল্প সময়েই আমরা ব্যবসায়ীদের সঙ্গে একাধিকবার বৈঠকে বসেছি এবং সেক্টরভিত্তিক জটিলতাগুলো নিরসনে কাজ চালিয়ে যাচ্ছি। আগের বৈঠকে উদ্যোক্তারা যেসব সমস্যার কথা তুলে ধরেছিলেন, তার অনেকগুলোরই সমাধান ইতিমধ্যে করা হয়েছে। আজকের আলোচনায় উঠে আসা নতুন বিষয়গুলো নিয়েও গুরুত্বের সঙ্গে কাজ করা হবে।"
ব্যবসায়ীদের সঙ্গে এই সংলাপ অব্যাহত রাখার ঘোষণা দিয়ে প্রধানমন্ত্রী জানান, আগামী দুই থেকে তিন মাসের মধ্যে আবারও তাদের সঙ্গে বৈঠকে বসবে সরকার। কারণ খোলামেলা ও দীর্ঘ আলোচনার মাধ্যমেই কার্যকর সমাধান বের হয়ে আসে।
এদিকে সভায় জানানো হয়, ব্যবসায়ীদের সঙ্গে পূর্ববর্তী বৈঠকে উত্থাপিত ২৮টি সমস্যার মধ্যে ইতোমধ্যে ২১টির সমাধান ও প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং বাকি ৭টি বিষয়টি নিয়ে প্রক্রিয়া চলমান রয়েছে। বৈঠকে ব্যবসায়ীরা ২০৩০ সালের মধ্যে দেশের রপ্তানি আয় ১০০ বিলিয়ন ডলারে উন্নীত করার একটি বিশেষ রূপরেখা উপস্থাপন করেন। এর জবাবে সরকারের পক্ষ থেকে আন্তর্জাতিক ও কূটনৈতিক পর্যায়ে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।
বিডার উদ্যোগে আয়োজিত এই মতবিনিময় সভায় ব্যবসা সম্প্রসারণ, বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধি ও নতুন শিল্পায়নের নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় উদ্যোক্তারা সহজ শর্তে ঋণ সুবিধা, নীতিগত সহায়তা ও ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করার দাবি জানান এবং সরকারের সাম্প্রতিক উদ্যোগগুলোর ওপর সন্তোষ প্রকাশ করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, সড়ক, সেতু, রেলপথ ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমানসহ সরকারের শীর্ষ কর্মকর্তারা।
এআইএল/সকালবেলা
|