মৌলভীবাজার সফরে সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক:প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো মৌলভীবাজার সফরের উদ্দেশ্যে সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৭ জুন) সকাল ১০টা ১৫ মিনিটে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে বিমানবন্দর ও এর আশেপাশের এলাকায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন সংস্থার সদস্যদের পাশাপাশি বিমানবন্দর থেকে শুরু করে বিভিন্ন সড়কে সতর্ক অবস্থানে দেখা গেছে নিরাপত্তা কর্মীদের। এছাড়া তাকে স্বাগত জানাতে বিমানবন্দর ও সড়কের বিভিন্ন স্থানে জড়ো হয়েছেন জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মীরা।
সিলেট বিমানবন্দরে পৌঁছানোর পরপরই সড়কপথে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের উদ্দেশ্যে রওনা দেন প্রধানমন্ত্রী। সফরসূচি অনুযায়ী, আজ দুপুর ১টায় শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এবং দুপুর আড়াইটায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ‘ফ্যামিলি কার্ড’ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন তিনি।
এছাড়া বিকেলে শ্রীমঙ্গলের দুসাই রিসোর্টে একটি রাজনৈতিক সভায় প্রধানমন্ত্রীর যোগ দেওয়ার কথা রয়েছে। সফর শেষে বিকেল পৌনে ৬টায় সিলেটের উদ্দেশ্যে রওনা হয়ে রাত সাড়ে ৮টায় বিমানযোগে তার ঢাকায় ফেরার কথা রয়েছে। উল্লেখ্য, গত ২ মে প্রধানমন্ত্রী হিসেবে প্রথম সিলেট সফর করলেও এবারের পুরো সফরসূচিই মৌলভীবাজার কেন্দ্রিক রাখা হয়েছে।
জান্নাত সকালবেলা
|