দুর্যোগ ব্যবস্থাপনায় জনগণের আস্থা অর্জন করেছে আনসার-ভিডিপি: প্রধানমন্ত্রী
অনলাইন ডেস্ক: বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী বর্তমানে একটি নির্ভরযোগ্য ও মানবিক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান হিসেবে দুর্যোগ ব্যবস্থাপনায় দেশের সাধারণ জনগণের আস্থা অর্জন করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ বুধবার (২০ মে) গাজীপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বাহিনীর সদস্যদের সাহসিকতা, দায়বদ্ধতা ও মানবিকতার ভূয়সী প্রশংসা করে বলেন, রেইন ওয়াটার হার্ভেস্টিং, সোলার প্যানেল ও বায়োগ্যাস প্লান্ট ব্যবস্থাপনার মতো পরিবেশবান্ধব উদ্যোগ গ্রহণের মাধ্যমে এই বাহিনীর কর্মকর্তা ও সদস্যগণ টেকসই উন্নয়নের পথে দৃঢ়ভাবে অগ্রসর হচ্ছেন। বিশেষ করে গত ফেব্রুয়ারি মাসে দেশজুড়ে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আনসার বাহিনীর দায়িত্বশীল ও প্রশংসনীয় ভূমিকার জন্য তিনি সর্বস্তরের সদস্যদের আন্তরিক অভিনন্দন জানান।
প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, দীর্ঘ দেড় দশকের বেশি সময় ধরে ফ্যাসিবাদী শাসনের পর বাংলাদেশ পুনরায় গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছে। দেশে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠার মাধ্যমে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে বর্তমান সরকার নিরলস কাজ করছে। এই নিরাপদ বাংলাদেশ গড়ার যাত্রাপথে প্রান্তিক পর্যায়ে বিস্তৃত শক্তিশালী নেটওয়ার্কের কারণে আনসার-ভিডিপির গুরুত্ব অপরিসীম। বর্তমানে দেশের শিল্পকারখানা, হাসপাতাল ও আর্থিক প্রতিষ্ঠানসহ রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তায় ৫২ হাজারের বেশি অঙ্গীভূত আনসার নিয়োজিত রয়েছেন। বিজ্ঞানভিত্তিক পরিবেশ সুরক্ষা, খাল খনন, বন্যা থেকে সুরক্ষা এবং দুর্যোগকালীন সাধারণ জনগণের খাদ্য নিরাপত্তা ও পুনর্বাসনের মতো অনন্য কার্যক্রম বাস্তবায়নেও এই বাহিনীকে আরও কার্যকরভাবে কাজে লাগানোর আহ্বান জানান প্রধানমন্ত্রী।