বুলেট ট্রেনে বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রকাশ: বুধবার, ২৪ জুন ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ণ
বুলেট ট্রেনে বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী
সহধর্মিণী ডা. জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে বুলেট ট্রেনে দালিয়ান থেকে বেইজিংয়ে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়

অনলাইন ডেস্ক: চীনের বেইজিংয়ে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার (২৪ জুন) দেশটির স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টার দিকে দালিয়ান থেকে হাই-স্পিড (বুলেট) ট্রেনে বেইজিংয়ে পৌঁছান তিনি। রাষ্ট্রীয় এই সফরে সফরসঙ্গী হিসেবে তাঁর সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

এর আগে, আজ স্থানীয় সময় সকাল ১০টায় ডালিয়ানে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (ডব্লিউইএফ) আয়োজিত ‘গ্রীষ্মকালীন দাভোস’-এর বার্ষিক সম্মেলনে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চীনের ডালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই ১৭তম ‘অ্যানুয়াল মিটিং অব দ্য নিউ চ্যাম্পিয়নস’ অনুষ্ঠিত হয়।

উচ্চপর্যায়ের এই বৈশ্বিক আয়োজনে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পাশাপাশি গিনির প্রধানমন্ত্রী আমাদু উরি বাহ, কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলঝাস বেকতেনভ, দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী কিম মিন সেওক, মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রী নিয়াম ওসর উচরাল এবং মন্টিনিগ্রোর প্রধানমন্ত্রী মিলোইকো স্পাইজিচ অংশ নেন। এবারের সম্মেলনে বিশ্বের ৯০টিরও বেশি দেশ ও অঞ্চল থেকে রাজনৈতিক, ব্যবসায়িক, শিক্ষাবিদ এবং গণমাধ্যম অঙ্গনের ১ হাজার ৭০০ জনেরও বেশি প্রতিনিধি অংশগ্রহণ করেছেন।

এর আগে, গত মঙ্গলবার (২৩ জুন) প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও সিইও আলোইস জভিংগি। গত সোমবার (২২ জুন) এই রাষ্ট্রীয় সফরে চীনের ডালিয়ানে আসেন প্রধানমন্ত্রী।

সফরসূচি অনুযায়ী, আগামীকাল বৃহস্পতিবার চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরদিন শুক্রবার সাক্ষাৎ করবেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে। বৈঠক শেষে শুক্রবারই দেশের উদ্দেশ্যে বেইজিং ত্যাগ করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

মন্তব্য করুন