শহীদ জিয়ার খনন করা খোর্দ্দ খাল পুনঃখনন করলেন তারেক রহমান

প্রকাশ: শনিবার, ১৬ মে ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ণ
শহীদ জিয়ার খনন করা খোর্দ্দ খাল পুনঃখনন করলেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: পরিবেশ সংরক্ষণ, পানি প্রবাহ স্বাভাবিক রাখা এবং জলবায়ু সহনশীলতা জোরদারের লক্ষ্যে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুরের শাহরাস্তিতে ‘খোর্দ্দ খাল’ পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (১৬ মে) দুপুর ২টা ৪০ মিনিটে শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক বাজার এলাকার খোর্দ্দ খালে মাটি কাটার মাধ্যমে তিনি এই দেশব্যাপী কর্মসূচির শুভ সূচনা করেন। এটি বিএনপির নির্বাচনী ইশতেহারে ঘোষিত পরিবেশ ও কৃষিভিত্তিক প্রতিশ্রুতির একটি অন্যতম অংশ।

এর আগে ঢাকা থেকে বিশেষ সড়কপথে রওয়ানা হয়ে দুপুর ১টার দিকে কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর এলাকায় পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে এক বিশাল পথসভায় বক্তব্য শেষ করে তিনি সরাসরি চাঁদপুরের শাহরাস্তির উদ্বোধনী অনুষ্ঠানস্থলে আসেন।

শাহরাস্তি উপজেলার প্রায় সাড়ে ১৩ কিলোমিটার দীর্ঘ এই খোর্দ্দ খাল পুনঃখননের পেছনে জড়িয়ে আছে এক ঐতিহাসিক স্মৃতি। খোঁজ নিয়ে জানা গেছে, ১৯৭৭-৭৮ সালে তৎকালীন রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান দেশব্যাপী যে খালখনন কর্মসূচি শুরু করেছিলেন, তার অংশ হিসেবে তিনি নিজে এসে এই খোর্দ্দ খালটি খনন করেছিলেন। দীর্ঘ ৪৮ বছর পর তাঁরই পুত্র প্রধানমন্ত্রী তারেক রহমানের মাধ্যমে ঐতিহাসিক এই খালটি আবার পুনঃখননের কাজ শুরু হলো।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এই সেচ প্রকল্প বাস্তবায়নের ফলে এলাকার প্রায় ২৪১ হেক্টর আবাদী কৃষিজমি নতুন প্রাণ ফিরে পাবে। এর পাশাপাশি প্রায় ২ হাজার ৭৮৮টি প্রত্যক্ষ কৃষক পরিবার সরাসরি সেচ সুবিধা লাভ করবে এবং খালটিতে মৎস্য চাষের ব্যাপক সুযোগ সৃষ্টি হবে, যা স্থানীয় গ্রামীণ অর্থনীতিকে আরও গতিশীল করবে।

চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য প্রকৌশলী মমিনুল হকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে টেকসই জলাধার সংরক্ষণ, পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নতকরণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সরকারের দীর্ঘমেয়াদি মহাপরিকল্পনার কথা তুলে ধরা হয়। শাহরাস্তির এই কর্মসূচি শেষ করে প্রধানমন্ত্রী চাঁদপুর সদর উপজেলার ‘ঘোষেরহাট বিশ্বখাল’ পুনঃখনন কার্যক্রমেরও উদ্বোধন করার কথা রয়েছে।