নিজেই গাড়ি চালিয়ে ঢাকা উত্তরের পরিচ্ছন্নতা দেখলেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকাকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি বাস্তবায়নে নিজেই রাজপথে নামলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কোনো ধরনের প্রথাগত বহর বা প্রটোকল না নিয়ে নিজেই গাড়ি চালিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের পরিচ্ছন্নতা কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেছেন তিনি।
আজ শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৪টা ৫ মিনিটের দিকে গুলশানের নিজ বাসভবন থেকে নিজেই স্টিয়ারিং হাতে গাড়ি নিয়ে বের হন প্রধানমন্ত্রী।
বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি। তিনি সাংবাদিকদের বলেন, “রাজধানীর উত্তরাঞ্চলের সার্বিক পরিষ্কার-পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনার বর্তমান পরিস্থিতি ঠিক কেমন, তা একদম প্রত্যক্ষভাবে পর্যবেক্ষণ করতে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই ড্রাইভ করে শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখেছেন।”
উপ-প্রেস সচিব আরও জানান, “প্রধানমন্ত্রী দায়িত্ব গ্রহণের পর থেকেই বারবার তাগিদ দিয়ে আসছেন যে, তিনি ঢাকাকে একটি তিলোত্তমা ও সম্পূর্ণ বর্জ্যমুক্ত পরিষ্কার-পরিচ্ছন্ন শহর হিসেবে দেখতে চান। সেই ধারাবাহিকতায় কোনো কৃত্রিমতা ছাড়াই বাস্তব চিত্র দেখতে তিনি আজ নিজেই সরেজমিনে পরিদর্শনে যান।”
জানা গেছে, বিকেল ৪টা ৫ মিনিটে গুলশানের বাসভবন থেকে বের হয়ে প্রধানমন্ত্রী নিজে গাড়ি চালিয়ে শ্যামলী, চন্দ্রিমা উদ্যান সংলগ্ন এলাকা, চন্দ্রিমা সরণি, বিজয় সরণি, বেগম রোকেয়া সরণি, মিরপুর-১০ নম্বর গোলচত্বর, কচুক্ষেত এবং শেওড়াপাড়াসহ রাজধানীর বিভিন্ন প্রধান ও সংযোগ সড়ক প্রদক্ষিণ করেন। এ সময় সড়কের পাশে বর্জ্যের ব্যবস্থাপনা এবং পরিচ্ছন্নতাকর্মীদের কাজের অগ্রগতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন তিনি।
পরিদর্শনকালে প্রধানমন্ত্রীর গাড়িতে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী শাহে আলম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন, বিএনপির বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন, প্রধানমন্ত্রীর একান্ত সচিব মেহেদুল ইসলাম এবং সহকারী একান্ত সচিব আব্দুর রহমান সানী।
|