ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক
নিজস্ব প্রতিবেদক: ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শুক্রবার (২৬ জুন) প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিশেষ বার্তায় তিনি এই শোক প্রকাশ করেন।
শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, "ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। এই অপূরণীয় শোকের মুহূর্তে বাংলাদেশের জনগণের পক্ষ থেকে আমরা নিহতদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।"
তারেক রহমান আরও বলেন, দুর্যোগের এই কঠিন ও সংকটাপন্ন সময়ে বাংলাদেশের জনগণ ভেনেজুয়েলার বন্ধুভাবাপন্ন জনগণের প্রতি পূর্ণ সংহতি ও সহমর্মিতা প্রকাশ করছে। বাংলাদেশ সব সময় আন্তর্জাতিক পরিমণ্ডলে দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে রয়েছে।
প্রধানমন্ত্রী তার শোকবার্তায় ভূমিকম্পের ঘটনায় আহতদের দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করেন। একই সঙ্গে এই চরম বিপর্যয় কাটিয়ে উঠতে ভেনেজুয়েলার সরকার ও জনগণ যেন প্রয়োজনীয় শক্তি, ধৈর্য এবং দ্রুত পুনরুদ্ধারের সক্ষমতা অর্জন করতে পারে, সেই আশাবাদ ব্যক্ত করেন।
|