শহীদ জাহিদের মাকে চাকরির আশ্বাস প্রধানমন্ত্রীর

প্রকাশ: মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৬:৩০ অপরাহ্ণ
শহীদ জাহিদের মাকে চাকরির আশ্বাস প্রধানমন্ত্রীর

স্টাফ রিপোর্টার: ২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ আব্দুল্লাহ বিন জাহিদের মা এবং তাঁর ক্যানসার আক্রান্ত ছোট ছেলেকে সাক্ষাৎ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে জাতীয় সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী শহীদ জাহিদের মা ফাতেমা তুজ জোহরাকে একটি সরকারি চাকরির আশ্বাস দেন এবং ক্যানসার আক্রান্ত ছোট ছেলের চিকিৎসার খোঁজখবর নেন।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) এই তথ্য নিশ্চিত করেছেন। সাক্ষাৎকারের সময় তাঁদের সঙ্গে ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন উপস্থিত ছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট রাতে স্বৈরাচারবিরোধী গণআন্দোলনে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন ফাতেমা তুজ জোহরার বড় ছেলে আব্দুল্লাহ বিন জাহিদ। এই শোক কাটতে না কাটতেই মাত্র দুই সপ্তাহের মাথায় তাঁর ছোট ছেলে মাহমুদুল্লাহ বিন জিসানের শরীরে ক্যানসার ধরা পড়ে। এর সাত মাস পর চিকিৎসাধীন অবস্থায় ফাতেমার স্বামীও মারা যান। অল্প সময়ের ব্যবধানে স্বামী ও বড় ছেলেকে হারিয়ে চরম অসহায়ত্বের মধ্যে পড়ে পরিবারটি।

উপ-প্রেস সচিব জানান, তৎকালীন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান শুরু থেকেই এই অসহায় পরিবারটির পাশে দাঁড়ান। তাঁর নির্দেশে ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক ও বর্তমান প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনের সার্বিক তত্ত্বাবধানে জিসানের ক্যানসারের চিকিৎসা শুরু হয়। তৎকালীন সময় থেকে শুরু করে এখন পর্যন্ত প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্যক্তিগত তত্ত্বাবধান ও আর্থিক সহায়তায় জিসানের যাবতীয় চিকিৎসা প্রক্রিয়া চলমান রয়েছে।

আজকের সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী ফাতেমা তুজ জোহরাকে সান্ত্বনা দেন এবং ছোট ছেলের উন্নত চিকিৎসার বিষয়ে সব ধরনের সহযোগিতার পাশাপাশি তাঁর কর্মসংস্থানের জন্য দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রদান করেন।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন