মেয়েদের ডিগ্রি পর্যন্ত পড়াশোনা ফ্রি ও উপবৃত্তির ঘোষণা প্রধানমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক: দেশে নারী শিক্ষার প্রসার ও মেয়েদের আত্মনির্ভরশীল করে গড়ে তোলার লক্ষ্যে এক যুগান্তকারী ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, "আমরা ডিগ্রি বা স্নাতক পর্যায় পর্যন্ত মেয়েদের জন্য পড়াশোনার যাবতীয় খরচ সম্পূর্ণ ফ্রি বা অবৈতনিক করব। একই সঙ্গে যে সকল মেয়েরা ভালো রেজাল্ট করবে, তাদের জন্য সরকারের পক্ষ থেকে বিশেষ উপবৃত্তিরও ব্যবস্থা করা হবে। তোমাদের প্রতি আমাদের একটাই অনুরোধ—তোমাদের মন দিয়ে পড়াশোনা করতে হবে।"
শনিবার (১৬ মে) দুপুরে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক বাজার সংলগ্ন ঐতিহাসিক খোর্দ্দ খাল পুনঃখনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধনকালে উপস্থিত ছাত্র-ছাত্রী ও জনতার উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।
দেশ পুনর্গঠন ও শিক্ষাবান্ধব পরিবেশ তৈরিতে বর্তমান সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে প্রধানমন্ত্রী জানান, নতুন প্রজন্মের নারীরা যাতে উচ্চশিক্ষায় আরও এগিয়ে আসতে পারে এবং অর্থনৈতিক প্রতিবন্ধকতা যেন তাদের স্বপ্ন পূরণে বাধা হতে না পারে, সেজন্যই সরকার এই যুগান্তকারী পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করেছে।
সরকারি সফরসূচি অনুযায়ী, শাহরাস্তির কর্মসূচি শেষ করে প্রধানমন্ত্রী চাঁদপুর সদর উপজেলার শাহ মাহমুদপুর ইউনিয়নের কুমারডুগী গ্রামের ঘোষের হাট সংলগ্ন ‘বিশ্ব খাল’ পুনঃখনন অনুষ্ঠানে যোগ দেবেন এবং প্রকল্পটির উদ্বোধন করবেন।
এরপর চাঁদপুর সার্কিট হাউসে তাঁর একটি সংক্ষিপ্ত বিরতি নেওয়ার কথা রয়েছে। বিরতি শেষে তিনি চাঁদপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত বর্তমান সরকারের বিশেষ সামাজিক নিরাপত্তা কর্মসূচি ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ অনুষ্ঠানে সরাসরি অংশ নেবেন। বিকেল ও সন্ধ্যার দিকে তিনি চাঁদপুর ক্লাবে আয়োজিত জেলা বিএনপির একটি গুরুত্বপূর্ণ সাংগঠনিক সভায় যোগ দিয়ে নেতাকর্মীদের দিকনির্দেশনা দেবেন। চাঁদপুর জেলা সফর ও সকল নির্ধারিত কর্মসূচি শেষে আজ রাতেই সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার মধ্য দিয়ে প্রধানমন্ত্রীর এই ঐতিহাসিক সফর শেষ হবে।