বিদ্যুৎ নিয়ে রুমিন ফারহানার ক্ষোভ, মন্ত্রীর আপত্তিতে স্পিকারের কড়া জবাব
অনলাইন ডেস্ক: জাতীয় সংসদ অধিবেশনে দেশের গ্রামীণ এলাকায় তীব্র বিদ্যুৎ বিভ্রাট ও গ্যাস সংকট নিয়ে সরকারি ও বিরোধী দলের সদস্যদের মধ্যে বাকবিতণ্ডা ও উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। আজ সংসদ অধিবেশনে বিরোধী দলীয় সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা গ্রামীণ জনপদের লোডশেডিংয়ের চরম চিত্র তুলে ধরে বলেন, বর্তমানে দেশের গ্রামে টানা দশ থেকে বারো ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ থাকে না, যার কারণে সাধারণ মানুষের জনজীবন পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়েছে।
রুমিন ফারহানার এই বক্তব্যের তীব্র বিরোধিতা করে সংসদ অধিবেশনে তাৎক্ষণিকভাবে আপত্তি জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি এই অভিযোগকে অতিরঞ্জিত দাবি করে বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানান। তবে বিদ্যুৎ মন্ত্রীর এই আপত্তিতে দ্বিমত পোষণ করে শক্ত অবস্থান নেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।
মন্ত্রীকে উদ্দেশ্য করে স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম বলেন, "মাননীয় মন্ত্রী, আপনি ইতিপূর্বে বলেছিলেন দেশের গ্যাসের সমস্যা সমাধান হবে, কিন্তু বাস্তব চিত্র হচ্ছে সেটি এখনো হয়নি।" স্পিকারের এমন স্পষ্ট ও নিরপেক্ষ মন্তব্যের পর সংসদে উপস্থিত বিরোধী দলের সদস্যরা তা স্বাগত জানান। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বাজেট অধিবেশনের শুরুতেই বিদ্যুৎ ও জ্বালানি খাতের এই বিতর্ক সংসদের ভেতরের গণতান্ত্রিক জবাবদিহিতাকে আরও জোরালো করে তুলেছে।