ধর্ম বিবেচনায় কোনো চক্রান্ত বাস্তবায়ন হতে দেওয়া হবে না: তথ্যমন্ত্রী

প্রকাশ: শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ণ
ধর্ম বিবেচনায় কোনো চক্রান্ত বাস্তবায়ন হতে দেওয়া হবে না: তথ্যমন্ত্রী

সাঈদ পান্থ, বরিশাল: "ধর্মীয় বিশ্বাস ও ধর্মচর্চাকে পুঁজি করে কোনো মহল মানুষকে নিজেদের পকেটে নেওয়ার চেষ্টা করলে ধর্মপ্রাণ মানুষই তাদের চিহ্নিত করবে। বাংলাদেশে ধর্ম বা বর্ণের দোহাই দিয়ে কোনো ষড়যন্ত্র বাস্তবায়ন করতে দেওয়া হবে না।"

আজ শুক্রবার (৩১ জুলাই ২০২৬) দুপুর ১২টায় বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত বরিশাল পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, "প্রধানমন্ত্রী তারেক রহমান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, 'ধর্ম যার যার, রাষ্ট্র সবার'। অতএব কোনো নির্দিষ্ট ধর্মাবলম্বীকে ব্যবহার করে রাষ্ট্রকে যদি কেউ কোনো বিশেষ ধর্মের মাধ্যমে গ্রাস করতে চায়, তবে সেই সাম্প্রদায়িকতা ধর্মবিরোধী। যখনই কোনো মহল ধর্মকে তাদের স্বার্থসিদ্ধির পকেটে পরিণত করার চেষ্টা করবে, তখনই ধার্মিক জনগণ সেই ধর্ম ব্যবসায়ীদের আসল রূপ চিনে নেবে।"

রাজনীতিবিদদের ভূমিকার প্রতি ইঙ্গিত করে জহির উদ্দিন স্বপন বলেন, "রাজনৈতিক নেতাদের যাবতীয় বক্তব্য ও কর্মকাণ্ড জনগণের কল্যাণের উদ্দেশ্যে হওয়া উচিত। যতক্ষণ পর্যন্ত জনগণ কোনো রাজনৈতিক কাজকে কল্যাণকর মনে করবে, ততক্ষণই সেই দল ও প্রতীক জনগণের কাছে গ্রহণযোগ্যতা পাবে।"

অনুষ্ঠানে পূজা উদযাপন পরিষদের স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন