ইসি খুবই নিরপেক্ষ ছিল: আনফ্রেল

প্রকাশ: বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৯:১২ অপরাহ্ণ
ইসি খুবই নিরপেক্ষ ছিল: আনফ্রেল

অনলাইন ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঋণ খেলাপিদের অংশ নিতে দেওয়ার বিষয়টি আলাদাভাবে পর্যবেক্ষণ না করলেও নির্বাচন কমিশন (ইসি) খুবই নিরপেক্ষ ছিল এবং তাদের কাজের উন্নতি দৃশ্যমান হয়েছে বলে মনে করে আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষণ সংস্থা এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস (আনফ্রেল)। তবে নির্বাচন শতভাগ ত্রুটিমুক্ত ছিল না এবং এখনো অনেক ক্ষেত্রে উন্নতির সুযোগ রয়েছে বলে মত দিয়েছে সংস্থাটি।

বৃহস্পতিবার (২১ মে) রাজধানীর একটি হোটেলে ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট নিয়ে আনফ্রেলের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ উপলক্ষ্যে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে আনফ্রেলের নির্বাচন পর্যবেক্ষণ দলের প্রধান রোহানা হেত্তিয়ারাচ্চি, নির্বাহী পরিচালক ব্রিজা রোজালেসসহ অন্যন্য বিশ্লেষকেরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন ও ইসির সিনিয়র সচিব আখতার আহমেদও উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে ঋণ খেলাপিদের সুযোগ দেওয়া সংক্রান্ত এক প্রশ্নের জবাবে ব্রিজা রোজালেস বলেন, সামগ্রিক বিশ্লেষণে দেখা গেছে নির্বাচন কমিশন খুবই নিরপেক্ষ ছিল। তবে এই চ্যালেঞ্জটি নোট করে তিনি ইসিকে এটি সমাধানের আশা প্রকাশ করেন। এ বিষয়ে সিইসি জানান, সর্বোচ্চ আদালতে দুটি মামলা বিচারাধীন থাকায় তিনি কোনো বক্তব্য দেবেন না, তবে কমিশন কারও প্রতি কোনো দয়া দেখায়নি।

আনফ্রেলের প্রতিবেদনের সারসংক্ষেপে বলা হয়েছে, নির্বাচনের একটি স্থায়ী সংকট হচ্ছে জবাবদিহিতা। নির্বাচনী অনিয়মের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের বিষয়ে মানুষের আস্থা সীমিত ছিল, বিশেষ করে অর্থের প্রভাব ও অনানুষ্ঠানিক নির্বাচনী অর্থায়নের বিষয়টি ফুটে উঠেছে। রাজনৈতিক দলের দেওয়া ভোটার স্লিপ কিছু ভোটার ভোটকক্ষে প্রবেশের সময় পোলিং এজেন্টদের সামনে প্রদর্শন করছিলেন, যা ভোট কেনাবেচার যাচাইকরণ পদ্ধতি হিসেবে কাজ করে থাকতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছে আনফ্রেল।

প্রতিবেদনে আরও বলা হয়, রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা রাজনৈতিক প্রতিযোগিতা ও সর্বজনীন অংশগ্রহণের দৃষ্টিভঙ্গিকে প্রভাবিত করেছে। তবে গণভোটের ফলাফল জুলাই সনদের অধীনে সংস্কার বাস্তবায়নের বিশ্বাসযোগ্য অগ্রগতির প্রত্যাশাকে জোরদার করেছে। আনফ্রেলের মতে, বাংলাদেশে নির্বাচনের ইতিবাচক অগ্রগতি তখনই টেকসই হবে, যখন নির্বাচন-পরবর্তী শাসনব্যবস্থা নিয়মভিত্তিক জবাবদিহিতার ওপর প্রতিষ্ঠিত হবে।

মন্তব্য করুন