নান্দাইলে শহীদ জুবাইদের পরিবারকে প্রধানমন্ত্রীর উপহার প্রদান

প্রকাশ: শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:১২ অপরাহ্ণ
নান্দাইলে শহীদ জুবাইদের পরিবারকে প্রধানমন্ত্রীর উপহার প্রদান
নান্দাইলে শহীদ জুবাইদের বাবার হাতে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপহার তুলে দিচ্ছেন কেন্দ্রীয় ও স্থানীয় ছাত্রদল নেতৃবৃন্দ (ফাইল ছবি)।

ময়মনসিংহের নান্দাইলে জুলাই গণঅভ্যুত্থানে বুক পেতে দিয়ে শহীদ হওয়া ১৫ বছর বয়সী কিশোর মো. জুবাইদ ইসলামের অবহেলিত পরিবারের খোঁজখবর নিয়ে উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

গতকাল বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় ও স্থানীয় দায়িত্বশীল নেতৃবৃন্দ সরাসরি ময়মনসিংহের নান্দাইল উপজেলার চামরুল্লাহ গ্রামে জুবাইদের নিজ বাড়িতে গিয়ে তাঁর বাবা আব্দুল আজিজ কুসুমের হাতে এই উপহার তুলে দেন।

উপহার প্রদানকালে ছাত্রদল নেতারা শোকার্ত পরিবারের সদস্যদের সঙ্গে দীর্ঘ সময় অতিবাহিত করে তাঁদের খোঁজখবর নেন, গভীর সমবেদনা প্রকাশ করেন এবং যেকোনো প্রয়োজনে এই শহীদ পরিবারের পাশে সর্বোচ্চ সমর্থন নিয়ে থাকার শক্ত আশ্বাস দেন।

পুত্র হারানোর বুকফাটা বেদনায় আবেগাপ্লুত হয়ে জুবাইদের বাবা কান্নাজড়িত কণ্ঠে বলেন, “তিনডা গুলি মারছে ভাই... আমারে তো গুলির কাছে যাইতে দেয় নাই গো ভাই। মেরে মেরে মোরে অনেক দূর নিয়ে ফাল্লাইছে গো ভাই... কত মানুষের রাইখা আমার পোলাডারে মারল রে...।”

উপহার হস্তান্তরের পর নেতৃবৃন্দ মরহুম শহীদ জুবাইদের কবর জিয়ারত করেন এবং তাঁর আত্মার মাগফিরাত ও শান্তিকামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি হাসান আল আরিফ, যুগ্ম সাধারণ সম্পাদক এম এস মামুন ও বিপ্লব শিকদার, ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নুরুজ্জামান সোহেল, নান্দাইল উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাদ্দাম হোসেনসহ উপজেলা, পৌর, কলেজ এবং বিভিন্ন ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকরা।

উল্লেখযোগ্য যে, অতি দরিদ্র পরিবারের আর্থিক টানাপোড়েনের কারণে একদম অল্প বয়সেই লেখাপড়া ছেড়ে দিয়ে লালমনিরহাটের একটি মুদি দোকানে কর্মচারীর কাজ নেন কিশোর জুবাইদ। ২০২৪ সালের ২০ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে নির্মমভাবে গুলিবিদ্ধ হয়ে মর্মান্তিকভাবে শহীদ হন তিনি।

মন্তব্য করুন