রাষ্ট্রপতির গ্রেফতারের দাবিতে মঞ্চ-২৪ এর অনশন

প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ণ
রাষ্ট্রপতির গ্রেফতারের দাবিতে মঞ্চ-২৪ এর অনশন

বিশেষ প্রতিবেদক: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের অবিলম্বে পদত্যাগ ও গ্রেফতারের দাবিতে আমরণ অনশন কর্মসূচি শুরু করেছে সামাজিক সংগঠন ‘মঞ্চ-২৪’।

আজ বৃহস্পতিবার (২৩ জুলাই ২০২৬) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি সংলগ্ন রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থান নিয়ে এ কর্মসূচি পালন শুরু করেন সংগঠনটির নেতাকর্মীরা।

অনশনকালে দেওয়া বক্তব্যে মঞ্চ-২৪-এর আহ্বায়ক ফাহিম ফারুকী হুঁশিয়ারি দিয়ে বলেন, "আগামী ২৪ ঘণ্টার মধ্যে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে পদে অপসারণ ও গ্রেফতার করা না হলে জুলাই বিপ্লবের সর্বস্তরের সংগঠনগুলো 'জুলাই জনতা' ব্যানারে বঙ্গভবন অভিমুখে কঠোর কর্মসূচি ঘোষণা করবে।"

তিনি আরও সতর্ক করে জানান, নির্ধারিত সময়ের মধ্যে দাবি মানা না হলে এ আন্দোলন সারা দেশে আরও বিস্তৃত ও তীব্র আকার ধারণ করবে। উদ্ভূত যেকোনো পরিস্থিতির দায়ভার সরকারকেই বহন করতে হবে।

অনশন কর্মসূচিতে ফাহিম ফারুকীর পাশাপাশি সংগঠনের অন্যান্য কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন