একাত্তরের আকাঙ্ক্ষার সঙ্গে প্রতারণা করা হয়েছে: মহিউদ্দিন আহমদ
একাত্তরের মহান মুক্তিযুদ্ধের সময় সাধারণ মানুষের যে মৌলিক সামাজিক ও রাজনৈতিক প্রত্যাশা ছিল, পরবর্তী শাসনব্যবস্থাগুলোতে সেই আকাঙ্ক্ষার সঙ্গে চরম প্রতারণা করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিশিষ্ট লেখক ও চিন্তাবিদ গবেষক মহিউদ্দিন আহমদ।
সোমবার (১০ আগস্ট) দুপুরে রাজধানীর দৈনিক যুগান্তর কার্যালয়ে আয়োজিত ‘জুলাই গণঅভ্যুত্থান নাগরিক ভাবনা’ শীর্ষক এক বিশেষ সামাজিক মতবিনিময় সভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
ঐতিহাসিক প্রেক্ষাপট ও সরকারের পতন প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে মহিউদ্দিন আহমদ বলেন, "জনগণের মূল আকাক্সক্ষা ছিল ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে। কিন্তু পরবর্তীতে সেই আকাঙ্ক্ষার সঙ্গে প্রতারণা করা হয়েছে, যার ধারাবাহিকতায় ১৯৭৫ সালের প্রেক্ষাপট অনিবার্য হয়ে উঠেছিল।"
তিনি আরও বলেন, "রাজনৈতিক ইতিহাসে গণতান্ত্রিক ও অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে রেজিম পরিবর্তনের সুযোগ যখন নষ্ট করে দেওয়া হয়, তখন স্বাভাবিকভাবেই অন্য কোনো বিকল্প উপায়ে সরকার পরিবর্তন ঘটে। ইতিহাস প্রমাণ করে—রেজিম পরিবর্তনের উপাদানগুলো যখন তৈরি হয়ে যায়, তখন আজ, কাল কিংবা পরশু সেই পতন ঘটবেই।"
দেশের রাজনীতিতে যুগের পর যুগ প্রচলিত ‘ষড়যন্ত্র তত্ত্বের’ অপব্যবহার নিয়ে আক্ষেপ প্রকাশ করে প্রখ্যাত এই লেখক বলেন, "আমাদের রাজনীতিতে নিজের পছন্দের বিরুদ্ধে কিছু গেলেই তাকে ষড়যন্ত্র বলে চালিয়ে দেওয়ার প্রবণতা পুরোনো। পাকিস্তানের লিয়াকত আলী খানের আমল থেকে শুরু করে ভিন্ন মত পোষণ করলেই তাকে ষড়যন্ত্রকারী বা ভারতীয় এজেন্ট হিসেবে আখ্যা দেওয়া হতো। একাত্তরের পরও আমাদের রাজনৈতিক দলগুলো একইভাবে এই পুরনো তকমা টেনে আনছে।"
দৈনিক যুগান্তর সম্পাদক আবদুল হাই শিকদারের সভাপতিত্বে এবং বিশেষ প্রতিনিধি কাজী জেবেলের সঞ্চালনায় অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অর্থনীতিবিদ ও আইসিবির চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. মাহফুজ পারভেজ, সাবেক সামরিক কর্মকর্তা ও রাজনৈতিক বিশ্লেষক আবু রুশদ সহ প্রমূখ।
|