মাঠগুলো দখল করা হয়েছিল, এখন পুনরুদ্ধার চলছে: সংসদে স্থানীয় সরকার মন্ত্রী
অনলাইন ডেস্ক: ইট-পাথরের ব্যস্ত নগরে বন্দি শিশু-কিশোরদের মোবাইলের ডিজিটাল স্ক্রিন থেকে বের করে খেলার মাঠের মুক্ত বাতাসে ফিরিয়ে আনার জোর দাবি উঠেছে জাতীয় সংসদে। একই সঙ্গে দেশের সব বিভাগীয় ও জেলা শহরের খেলার মাঠ ও পার্কগুলো দখলদারদের থাবা এবং মাদকসেবীদের কবল থেকে মুক্ত করে জনসাধারণের জন্য সম্পূর্ণ নিরাপদ করার কথা জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মন্ত্রী আশ্বস্ত করে জানান, মাঠ ও পার্কগুলো পুনরুদ্ধার এবং আধুনিকায়নে সরকার বদ্ধপরিকর এবং ইতোমধ্যে ঢাকাসহ সারা দেশে ব্যাপক উচ্ছেদ ও উন্নয়ন কার্যক্রম শুরু হয়েছে।
আজ সোমবার (৮ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় বা বাজেট অধিবেশনে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির কার্যপ্রণালি বিধির ৭১ বিধি অনুসারে আনা এক জরুরি জনগুরুত্বপূর্ণ নোটিশের জবাবে স্থানীয় সরকার মন্ত্রী এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।
মাঠগুলোতে মাদকসেবীদের অবস্থান নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করা হলে স্থানীয় সরকার মন্ত্রী সংসদকে আশ্বস্ত করে বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর কঠোর নির্দেশনায় ইতোমধ্যে মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের আইনের আওতার আনার কাজ জোরদার করা হয়েছে। তবে শুধু আইনি বা পুলিশি তৎপরতা দিয়ে এই ব্যাধি দূর করা সম্ভব নয়। মাদক পরিহার ও এর বিরুদ্ধে লড়াইয়ের জন্য দেশে একটি বড় সামাজিক আন্দোলন গড়ে তোলা প্রয়োজন। সরকারের এই সমন্বিত উন্নয়ন ও সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে মাঠগুলো অচিরেই পুরোপুরি নিরাপদ ও অবমুক্ত হবে বলে আশ্বস্ত করেন মন্ত্রী।