ঢাকা বসবাসের অযোগ্য, এখানে আর থাকতে ইচ্ছা করে না: মির্জা ফখরুল

প্রকাশ: শনিবার, ০৬ জুন ২০২৬, ০১:১০ অপরাহ্ণ
ঢাকা বসবাসের অযোগ্য, এখানে আর থাকতে ইচ্ছা করে না: মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: "আমার নিজেরই এখন মনে হয়, আমি আর ঢাকা শহরে থাকব না, নিজের দেশের শহরে গিয়ে থাকব। কারণ এই শহর আর বাসযোগ্য মনে হয় না"—ঢাকা শহরের তীব্র পরিবেশ দূষণ ও বাসযোগ্যতা হারিয়ে যাওয়া নিয়ে এমনই ক্ষোভ ও আক্ষেপ প্রকাশ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শনিবার (৬ জুন) রাজধানীতে নাগরিক প্ল্যাটফর্ম দক্ষিণের জানালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ঢাকা মহানগরী আমাদের সবার বসবাসের জায়গা হলেও ঘর থেকে বের হলেই এখন কেবল দূষিত বাতাস। এমনকি কোনো পাবলিক হাসপাতালে ঢুকলে সেখানে টেকা দায় হয়ে পড়ে, এবং প্রতিটি প্রতিষ্ঠানই যেন ধ্বংসের দিকে চলে যাচ্ছে। বুড়িগঙ্গা নদীর কথা উল্লেখ করে তিনি বলেন, বুড়িগঙ্গার কাছে এখন আর যাওয়া যায় না, সেখানে এত দূষণ আর দুর্গন্ধ! ঢাকা শহরের সব রোগের মূলেই রয়েছে এই বুড়িগঙ্গা নদীর পানি। শুধু বুড়িগঙ্গাই নয়, তুরাগ ও শীতলক্ষ্যা নদীরও প্রায় একই অবস্থা। দেশের প্রকল্পনির্ভর উন্নয়নের সমালোচনা করে মন্ত্রী বলেন, নীতিনির্ধারণী মহল হাজার হাজার কোটি টাকার প্রকল্পের পর প্রকল্প করছে, কিন্তু মানুষ কতটুকু উপকৃত হচ্ছে, তা মূল্যায়ন করা দরকার। প্রকল্প শেষ হলেই যেন সব শেষ—এমনটা হওয়া উচিত নয়। বুড়িগঙ্গাকে দূষণমুক্ত করার সুনির্দিষ্ট কোনো প্রকল্প তৈরি হয় না বলেও তিনি আক্ষেপ প্রকাশ করেন।

ঢাকাকে ঘিরে এক ভয়াবহ বিপদের আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, ঢাকার ভূগর্ভস্থ পানির স্তর এক হাজার মিটার নিচে নেমে গেছে, যা যেকোনো ভূমিকম্প বা বড় দুর্ঘটনায় পুরো শহর ধসে যাওয়ার মতো ভয়াবহ বিপদ ডেকে আনছে। তবে ‘দক্ষিণের জানালা’ আন্দোলনের প্রশংসা করে তিনি জানান, এই আন্দোলন নগরবাসীকে আলোড়িত করবে। তবে শুধু আন্দোলন নয়, এটিকে বাস্তবায়নের জন্য কাঠামোগত পরিবর্তন দরকার এবং মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই উদ্যোগকে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।