বৈষম্য কাটিয়ে উত্তরাঞ্চলে উন্নয়নের প্রত্যয় তিন মন্ত্রীর

প্রকাশ: শনিবার, ০৮ আগস্ট ২০২৬, ০৬:১৯ অপরাহ্ণ
বৈষম্য কাটিয়ে উত্তরাঞ্চলে উন্নয়নের প্রত্যয় তিন মন্ত্রীর

ওয়াফিক শিপলু, বগুড়া প্রতিনিধি: বিসিক শিল্পপার্ক, বহুমাত্রিক বিশ্ববিদ্যালয় নির্মাণ, বগুড়া-সিরাজগঞ্জ রেলপথের ভিত্তিপ্রস্তর স্থাপন, বিমানবন্দরে ফ্লাইট চালুর উদ্যোগ, ওভারপাস নির্মাণ, আন্তর্জাতিক মানের ফুটবল স্টেডিয়াম ও ক্রীড়াগ্রাম নির্মাণ এবং করতোয়া নদীর পুনর্জীবনসহ একের পর এক উন্নয়ন পরিকল্পনার কথা উঠে এসেছে বগুড়ায়। একই সঙ্গে দীর্ঘদিনের বৈষম্য ও অবহেলা কাটিয়ে বগুড়াসহ উত্তরাঞ্চলের ন্যায্য উন্নয়ন নিশ্চিত করার প্রত্যয় জানিয়েছেন সরকারের তিন মন্ত্রী-প্রতিমন্ত্রী।

শনিবার (৮ আগস্ট) বগুড়ার মমইন কনভেনশন সেন্টারে বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত পরিচালনা পর্ষদের অভিষেক অনুষ্ঠানে বক্তব্যকালে এসব পরিকল্পনার চিত্র তুলে ধরা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেন, "আমাদের জরিপে বগুড়ার শিল্পের উন্নয়নে ব্যাপক চাহিদা পরিলক্ষিত হয়েছে। কিন্তু সেই চাহিদা অনুযায়ী বগুড়ার তেমন কোনো উন্নয়ন হয়নি। এর পরিপ্রেক্ষিতে বগুড়ায় ৪০০ একর জমির ওপর একটি বিসিক শিল্পপার্ক তৈরি করা হবে।"

অনুষ্ঠানের উদ্বোধক সড়ক পরিবহন ও সেতু, রেল এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল ইসলাম বলেন, "গত ২০ বছর বগুড়া বঞ্চিত হয়েছে, এতে কোনো সন্দেহ নেই। অথচ বগুড়ার মানুষ দেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। জাতীয় অগ্রগতির স্বার্থেই এবার বগুড়ার সঠিক উন্নয়ন নিশ্চিত করা হচ্ছে।"

বিশেষ অতিথির বক্তব্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি বলেন, "আগামী নভেম্বর-ডিসেম্বরে প্রধানমন্ত্রী বগুড়া-সিরাজগঞ্জ রেলপথের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। পাশাপাশি ২০২৭ সালের জানুয়ারির মধ্যে অভ্যন্তরীণ রুটে বগুড়া বিমানবন্দর চালু করার চেষ্টা চলছে।" তিনি তিনমাথায় ক্রীড়াগ্রাম, শহরের রেললাইনে ওভারপাস নির্মাণ এবং করতোয়া নদীকে পুনরায় জীবিত করার সরকারি পদক্ষেপের কথা তুলে ধরেন।

বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আতিকুর রহমান বাদলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, গোলাম মোহাম্মদ সিরাজ, মোশারফ হোসেন, মোরশেদ মিল্টন, আব্দুল মুহিত তালুকদার, বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এমআর ইসলাম স্বাধীন, জেলা প্রশাসক তৌফিকুর রহমান ও টিএমএসএসের নির্বাহী পরিচালক ড. হোসনে আরা বেগমসহ স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন