সারাদেশে ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৪ জনের মৃত্যু
অনলাইন ডেস্ক: সারাদেশে সংক্রামক ব্যাধি হামের বিস্তার অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চারজনের করুণ মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো নিয়মিত এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে নতুন করে আরও ৮৭০ জন সন্দেহজনক হামরোগী শনাক্ত হয়েছেন। এর মাধ্যমে চলতি বছরের ১৫ মার্চ থেকে ৩০ জুলাই পর্যন্ত সারাদেশে মোট সন্দেহজনক হামরোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২৭ হাজার ৪১০ জনে।
স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় ল্যাব পরীক্ষায় নিশ্চিতভাবে ১৩৫ জন নতুন হামরোগী শনাক্ত হয়েছেন। এতে করে সাড়ে চার মাসের ব্যবধানে (১৫ মার্চ থেকে ৩০ জুলাই) দেশে ল্যাব-পরীক্ষিত নিশ্চিত হামরোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৮৭৪ জনে।
হাসপাতালে ভর্তি ও সুস্থতার তথ্যে বলা হয়েছে, গত ১৫ মার্চ থেকে ৩০ জুলাই পর্যন্ত সময়কালে সন্দেহজনক হাম রোগের লক্ষণ নিয়ে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১ লাখ ১০ হাজার ১৮২ জন রোগী। তাঁদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ১ লাখ ৬ হাজার ৫৩ জন।
মৃত্যুর পরিসংখ্যান তুলে ধরে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু না হলেও উপসর্গ নিয়ে ৪ জন মারা গেছেন। ১৫ মার্চ থেকে ৩০ জুলাই পর্যন্ত সময়ে দেশে সন্দেহজনক হামে মোট ৭৩৯ জন শিশুর প্রাণহানি ঘটেছে এবং ল্যাব নিশ্চিত হামে মৃতের সংখ্যা মোট ৯৬ জন।
পরিস্থিতি মোকাবেলায় দেশের সব সরকারি হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রে হাম প্রতিরোধে বিশেষ নজরদারি ও চিকিৎসাসেবা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
|