হাম ও হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৩১

প্রকাশ: বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ণ
হাম ও হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৩১

অনলাইন ডেস্ক: দেশে হামের প্রকোপ ও মৃত্যুর সংখ্যা দিন দিন বাড়ছে। সবশেষ ২৪ ঘণ্টায় হাম এবং হামের উপসর্গ নিয়ে দেশে আরও সাতটি শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে তিন শিশু এবং হামের লক্ষণ নিয়ে চার শিশু মারা গেছে। একই সময়ে নতুন করে আরও ১ হাজার ৬৩১ জন শিশুর শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত বুলেটিনে এই তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে শুরু হওয়া হামের প্রকোপে এখন পর্যন্ত মোট ৫৯ হাজার ২৭৯ জনের শরীরে এই রোগের লক্ষণ বা উপসর্গ দেখা গেছে। এর মধ্যে সবশেষ ২৪ ঘণ্টায় ল্যাব পরীক্ষায় নিশ্চিতভাবে হাম রোগী শনাক্ত হয়েছে ২০৮ জন। সব মিলিয়ে এ পর্যন্ত দেশে মোট ৮ হাজার ২৭৫টি শিশুর শরীরে নিশ্চিতভাবে হামের উপস্থিতি পাওয়া গেছে।

প্রতিবেদনে আরও বলা হয়, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ৪৬ হাজার৪০৭টি শিশু ভর্তি হয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৪২ হাজার ৩৩৬ জন শিশু। বাকিরা এখনো চিকিৎসাধীন।

চলতি বছরের এই নির্দিষ্ট সময়ে হামের উপসর্গে সারা দেশে মোট ৪০৫ জন এবং নিশ্চিত হওয়া হাম রোগীর মধ্যে ৮৩ জন মারা গেছে। সব মিলিয়ে এ পর্যন্ত দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৮৮ জনে।