স্থানীয় নির্বাচনে বিএনপির একক প্রার্থী নিশ্চিত করা হবে: ভূমিমন্ত্রী মিনু
নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী একাধিক প্রার্থী থাকার সুযোগ ও আগ্রহ থাকলেও দলীয় সমন্বয়ের মাধ্যমে প্রতিটি নির্বাচনী এলাকায় একক প্রার্থী চূড়ান্ত করা হবে বলে স্পষ্ট জানিয়েছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু। তিনি দৃঢ়তার সাথে বলেন, “সারা দেশে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির একক প্রার্থী নিশ্চিত করা হবে।”
আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর ২০২৬) সকাল সাড়ে ৭টায় রাজশাহী মহানগর বিএনপি কার্যালয়ের সামনে আয়োজিত দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ভূমিমন্ত্রী বলেন, “বিএনপি দেশের একটি বৃহৎ ও জনপ্রিয় গণতান্ত্রিক রাজনৈতিক দল। তাই স্বাভাবিকভাবেই যেকোনো নির্বাচনে একাধিক যোগ্য নেতা প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ প্রকাশ করতে পারেন। এটি অত্যন্ত স্বাভাবিক রাজনৈতিক চর্চা। তবে নির্বাচনের মাঠে কোনো বিভাজন বা ভোট ভাগাভাগির সুযোগ দেওয়া হবে না। দলের নীতিনির্ধারক ও তৃণমূলের সাথে সমন্বয় করে শেষ পর্যন্ত একজন জনপ্রিয় ও যোগ্য প্রার্থীকেই চূড়ান্তভাবে প্রতীক বরাদ্দ দেওয়া হবে।”
তিনি আরও যোগ করেন, নির্বাচনী বৈতরণী পার হতে নেতাকর্মীদের মধ্যে ইস্পাতকঠিন ঐক্য ও পারস্পরিক বোঝাপড়া সবচেয়ে বড় শক্তি। দলের সিদ্ধান্তের প্রতি অনুগত থেকে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করলে প্রতিটি নির্বাচনেই দলের প্রার্থীর বিজয় সুনিশ্চিত হবে।
এর আগে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন নেতৃবৃন্দ। পরবর্তীতে শান্তির প্রতীক পায়রা অবমুক্ত এবং বেলুন-ফেস্টুন উড়িয়ে রাজশাহীতে দিনব্যাপী প্রতিষ্ঠাবার্ষিকীর বিভিন্ন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।
রাজশাহী মহানগর বিএনপি কার্যালয়ের সামনে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাহমুদা হাবিবা, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ এবং সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান রিটন। এ ছাড়া অনুষ্ঠানে জেলা ও মহানগর বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল থেকেই দলীয় কার্যালয় ও আশপাশের এলাকায় নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। ব্যানার, ফেস্টুন এবং দলীয় পতাকা হাতে বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিল নিয়ে সমবেত হন নেতাকর্মীরা।
দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বিকেলে রাজশাহী নগরীতে এক বিশাল বর্ণাঢ্য প্রতিষ্ঠাবার্ষিকী শোভাযাত্রা (র্যালি)-র আয়োজন করা হয়েছে। শোভাযাত্রাটি নগরীর বাটার মোড় থেকে শুরু হয়ে মালোপাড়া মণিচত্বর ও জিরো পয়েন্ট প্রদক্ষিণ শেষে আলুপট্টি মোড়ে গিয়ে শেষ হবে।