লেফটেন্যান্ট তানজিম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড, ৫ জনের যাবজ্জীবন

প্রকাশ: বুধবার, ২০ মে ২০২৬, ০২:২৩ অপরাহ্ণ
লেফটেন্যান্ট তানজিম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড, ৫ জনের যাবজ্জীবন
জাতীয় ডেস্ক : কক্সবাজারের চকরিয়ায় দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করা তরুণ সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন হত্যা মামলায় চারজন আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই রায়ে আরও পাঁচজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড, চারজনকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড এবং অপরাধ প্রমাণিত না হওয়ায় বাকি পাঁচ আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

আজ বুধবার (২০ মে) দুপুরে কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (পঞ্চম) আদালতের বিচারক মোহাম্মদ আবুল মনসুর সিদ্দিকী জনাকীর্ণ আদালতে বহুল আলোচিত এ মামলার রায় ঘোষণা করেন।

আদালতের রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন জালাল উদ্দিন ওরফে বাবুল, হেলাল উদ্দিন, মোহাম্মদ আরিফ উল্লাহ ও আনোয়ার হাকিম।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন জিয়াবুল করিম, ইসমাইল হোসেন, নুরুল আমিন, নাছির উদ্দিন ও আব্দুল করিম। এছাড়া অপরাধে সহযোগিতা করার দায়ে মোহাম্মদ সাদেক, আনোয়ারুল ইসলাম, মোর্শেদ আলম ও শাহ আলমকে ১০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

অন্যদিকে, মামলার এজাহারভুক্ত ও অভিযোগপত্রভুক্ত অন্য পাঁচ আসামি আবু হানিফ, এনামুল হক ওরফে তোতলা এনাম, মো. এনাম, কামাল ওরফে ভেন্ডি কামাল ও মিনহাজ উদ্দিনের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দেওয়া হয়েছে।

দীর্ঘ আইনি প্রক্রিয়া, শুনানি, প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্যগ্রহণ ও আলামত পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা শেষে বিজ্ঞ আদালত এ রায় দেন। একই ঘটনার সময় উদ্ধার হওয়া অস্ত্রের সূত্র ধরে দায়ের হওয়া অস্ত্র মামলাটিতেও কয়েকজন আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বহুল প্রতীক্ষিত এই রায় ঘোষণাকে কেন্দ্র করে সকাল থেকেই আদালত এলাকায় কড়া নিরাপত্তা জোরদার করা হয়। অতিরিক্ত পুলিশ, র‍্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিপুলসংখ্যক সদস্য মোতায়েন করা হয় আদালত প্রাঙ্গণে। রায় ঘোষণার পর দণ্ডপ্রাপ্ত আসামিদের কড়া নিরাপত্তায় আদালত কক্ষ থেকে বের করে প্রিজন ভ্যানে করে কক্সবাজার জেলা কারাগারে পাঠানো হয়।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি অ্যাডভোকেট খুরশিদ আলম চৌধুরী রায়ের পর সন্তোষ প্রকাশ করে জানান, বিজ্ঞ আদালত রাষ্ট্রপক্ষের উপস্থাপন করা সাক্ষ্যপ্রমাণ ও অকাট্য আলামতের ভিত্তিতেই এই যুগান্তকারী দণ্ডাদেশ দিয়েছেন। এর মাধ্যমে আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠিত হলো।

উল্লেখ্য, ২০২৪ সালের ২৩ সেপ্টেম্বর রাত দেড়টার দিকে কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের পূর্ব মাইজপাড়া এলাকায় একটি বাড়িতে ডাকাতির খবর পেয়ে প্রতিরোধ অভিযানে যান বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল। সেখানে ডাকাতদের চ্যালেঞ্জ করতে গিয়ে পৈশাচিক ও নির্মম ছুরিকাঘাতে নিহত হন ২৩ বছর বয়সী তরুণ সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন। এই বীর সেনা কর্মকর্তার নৃশংস মৃত্যুতে পুরো দেশজুড়ে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছিল।

ঘটনার পর ২৫ সেপ্টেম্বর সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার আবদুল্লাহ আল হারুনুর রশিদ বাদী হয়ে চকরিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। একই ঘটনায় অস্ত্র আইনে পুলিশ আরও একটি পৃথক মামলা রুজু করে। তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা দুই মামলাতেই মোট ১৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেছিলেন।

আজকের রায় ঘোষণাকে কেন্দ্র করে আদালত এলাকায় স্থানীয় সাধারণ মানুষ, নিহত সেনা কর্মকর্তার স্বজন এবং বিভিন্ন গণমাধ্যমকর্মীদের উপচে পড়া উপস্থিতি দেখা যায়। রায় শুনে তানজিমের পরিবারের উপস্থিত সদস্যরা সন্তোষ প্রকাশ করেছেন। অন্যদিকে, অসন্তুষ্টি প্রকাশ করে আসামিপক্ষের আইনজীবীরা এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে (হাইকোর্ট) দ্রুত আপিল করার প্রস্তুতির কথা জানিয়েছেন।

জান্নাত সকালাবেলা