শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দিলেন প্রতিমন্ত্রী
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি: নতুন প্রজন্মকে দেশপ্রেম, সুশিক্ষা ও পরিবেশ সংরক্ষণের চেতনায় বলীয়ান হয়ে গড়ে ওঠার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি। তিনি বলেছেন, "ভবিষ্যতের বাংলাদেশকে রক্ষা এবং একে এগিয়ে নেওয়ার মূল দায়িত্ব নতুন প্রজন্মকেই কাঁধে তুলে নিতে হবে। সুশিক্ষায় শিক্ষিত হয়ে, খেলাধুলায় দক্ষতা অর্জন করে এবং বেশি বেশি বৃক্ষরোপণের মাধ্যমে একটি সমৃদ্ধ, সবুজ ও আধুনিক বাংলাদেশ গড়ে তুলতে হবে।"
আজ শুক্রবার (৩ জুলাই) বিকেল ৫টায় বগুড়ার মোকামতলা উপজেলার দাড়িদহ উচ্চ বিদ্যালয় মাঠে ময়দানহাট্টা ও স্বর্ণগ্রাম ইউনিয়নের ২১টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ছয় হাজার শিক্ষার্থীর মাঝে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী মীর শাহে আলম তাঁর বক্তব্যে আরও বলেন, "আমাদের জননন্দিত প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশ ও সময়োপযোগী সিদ্ধান্ত হচ্ছে— 'একজন ছাত্র, একটি গাছ'। এই মহৎ ও পরিবেশবান্ধব উদ্যোগ দেশব্যাপী বাস্তবায়নের অংশ হিসেবেই আজকে আমাদের এই বিশেষ আয়োজন। আমরা চাই, প্রতিটি শিক্ষার্থী অন্তত একটি করে গাছ নিজ হাতে রোপণ করবে, তার সঠিক পরিচর্যা করবে এবং নিজেদের পরিবেশ রক্ষার অতন্দ্র দূত হিসেবে গড়ে তুলবে।"
সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আয়োজিত এই বর্ণাঢ্য অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের হাজারো শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে প্রতিমন্ত্রী উপস্থিত শিক্ষার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেন।
এআইএল/সকালবেলা
|