রাষ্ট্র ও সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশ: সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:৩২ অপরাহ্ণ
রাষ্ট্র ও সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক, বগুড়া: রাষ্ট্র ও সমাজের প্রতিটি স্তরে ন্যায়বিচার নিশ্চিত করতে বর্তমান সরকার অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২০ এপ্রিল) নিজ জেলা বগুড়ায় ‘ই-বেইল বন্ড’ কার্যক্রমের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই তাঁর প্রথম বগুড়া সফর, যা ঘিরে উত্তর জনপদে বইছে উৎসবের আমেজ।

এদিন প্রধানমন্ত্রী বগুড়া জেলা আইনজীবী সমিতির নবনির্মিত বহুতল ভবনের ফলক উন্মোচন করেন। সফরের অন্যতম প্রধান আকর্ষণ হিসেবে তিনি দেশের ১৩তম সিটি করপোরেশন হিসেবে ‘বগুড়া সিটি করপোরেশন’-এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। দিনের দ্বিতীয় ভাগে প্রধানমন্ত্রী তাঁর পৈতৃক ভিটা গাবতলীর বাগবাড়ীতে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশ নেবেন। এর মধ্যে রয়েছে জিয়াউর রহমান গ্রাম হাসপাতালে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন, ফ্যামিলি কার্ড বিতরণ এবং চৌকিরদহ খাল খনন কাজের সূচনা।

বিকেল ৪টায় ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা বিএনপি আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। সফরের শেষ পর্যায়ে বগুড়া প্রেস ক্লাবের নতুন ভবন এবং বায়তুর রহমান কেন্দ্রীয় মসজিদের পুনর্নির্মাণ কাজের উদ্বোধন সেরে তাঁর ঢাকায় ফেরার কথা রয়েছে। সরকারপ্রধানের এই সফরকে কেন্দ্র করে বগুড়া শহর ব্যানার, ফেস্টুন ও তোরণে সেজে উঠেছে।

জান্নাত/সকালবেলা

মন্তব্য করুন