কিশোরগঞ্জ জেলা পরিষদ প্রশাসকের উদ্যোগে বালিখোলা ফেরিঘাটে ১০ দিন টোল ফ্রি

আমিরুল ইসলাম
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৫:১৭ অপরাহ্ণ
কিশোরগঞ্জ জেলা পরিষদ প্রশাসকের উদ্যোগে বালিখোলা ফেরিঘাটে ১০ দিন টোল ফ্রি

তামিম আহমেদ, কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার বালিখোলা এবং মিঠামইন ফেরিঘাটে দীর্ঘদিনের টোল আদায় সংক্রান্ত জটিলতা ও কৃষকদের ভোগান্তি নিরসনে ঐতিহাসিক সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আগামী ১০ দিন এই দুটি ফেরিঘাট দিয়ে যাতায়াতে কৃষকদের কাছ থেকে কোনো প্রকার টাকা বা টোল আদায় করা হবে না।

সম্প্রতি বালিখোলা ফেরিঘাটে অবৈধভাবে অতিরিক্ত টোল আদায়কে কেন্দ্র করে স্থানীয় কৃষক ও সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও ভোগান্তির সৃষ্টি হয়। এ নিয়ে সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হওয়ার পর প্রশাসনের উচ্চপর্যায়ে তোড়জোড় শুরু হয়। কৃষকদের এই দুর্ভোগ লাঘবে মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান, মাননীয় সংসদ সদস্য ড. উসমান ফারুক এবং কিশোরগঞ্জ জেলা পরিষদ প্রশাসক জনাব খালেদ সাইফুল্লাহ সোহেল খানের পরামর্শক্রমে ও মধ্যস্থতায় ইজারাদারদের সাথে আলোচনার মাধ্যমে এই টোল ফ্রি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কিশোরগঞ্জ জেলা পরিষদ প্রশাসক জনাব খালেদ সাইফুল্লাহ সোহেল নিজে ফেরিঘাট পরিদর্শন করে দুই পক্ষের ইজারাদারদের সাথে কথা বলে বিষয়টি মীমাংসা করেন। তিনি জানান, বোরো মৌসুমের এই সময়ে কৃষকরা যাতে তাদের উৎপাদিত ফসল নির্বিঘ্নে পরিবহন করতে পারেন, সেজন্যই এই ১০ দিন ফেরি পারাপার সম্পূর্ণ ফ্রি রাখার সিদ্ধান্ত হয়েছে। কৃষকদের স্বার্থে কোনো ধরনের অনিয়ম বা জোরপূর্বক টাকা আদায় বরদাশত করা হবে না বলেও তিনি হুঁশিয়ারি দেন।

প্রশাসনের এই দ্রুত ও কার্যকর পদক্ষেপে এলাকার কৃষকদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। স্থানীয়রা জানান, এই সিদ্ধান্তের ফলে ধান কাটার এই ব্যস্ত সময়ে তাদের পরিবহণ খরচ ও হয়রানি—উভয়ই কমবে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন