‘কারও একার কৃতিত্ব নয় জুলাই আন্দোলন’: আতিকুর রহমান রুমন

প্রকাশ: শনিবার, ০১ আগস্ট ২০২৬, ০২:২৫ অপরাহ্ণ
‘কারও একার কৃতিত্ব নয় জুলাই আন্দোলন’: আতিকুর রহমান রুমন
জাতীয় প্রেসক্লাবে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। (ছবি: সংগৃহীত)

নিজস্ব প্রতিবেদক: ফ্যাসিবাদবিরোধী গণ-অভ্যুত্থান ও জুলাই আন্দোলন কোনো সুনির্দিষ্ট ব্যক্তি, গোষ্ঠী বা একক রাজনৈতিক দলের সাফল্য নয়; বরং এটি ছিল দেশপ্রেমিক ও গণতন্ত্রকামী সর্বস্তরের জনগণের রক্তক্ষয়ী সম্মিলিত প্রচেষ্টার ফল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

শনিবার (১ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে ‘আমরা বিএনপি পরিবার’ এবং বাংলাদেশ ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (বিপিজেএ)-এর যৌথ উদ্যোগে আয়োজিত “বুলেটের মুখে বাংলাদেশ, ফ্যাসিবাদের হলো শেষ” শীর্ষক বিশেষ আলোচনা সভা ও ঐতিহাসিক আলোকচিত্র প্রদর্শনীতে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা তুলে ধরেন। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন তাঁর বক্তব্যে জোর দিয়ে বলেন, রাজপথের গণতান্ত্রিক আন্দোলনে ত্যাগের সুদীর্ঘ ইতিহাস রয়েছে। সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের পতাকাকে সমুন্নত রাখতে বছরের পর বছর অকাতরে জেল-জুলুম ও শারীরিক নির্যাতন সহ্য করেছেন। একইভাবে দলের চেয়ারম্যান তারেক রহমানও দীর্ঘ দেড় দশক ধরে অমানুষিক নির্যাতন ভোগ করে নির্বাসিত জীবন কাটিয়েছেন। তবে ত্যাগের দীর্ঘ ইতিহাস থাকা সত্ত্বেও তাঁরা কিংবা তাঁদের দল কখনো একক কৃতিত্বের দাবি তোলেননি।

তিনি বলেন, “নিজেকে অহেতুক জাহির করার মধ্যে কোনো বীরত্ব বা কৃতিত্ব লুকিয়ে থাকে না। বিএনপি কখনো দাবি করেনি যে তারা একাই পুরো আন্দোলন বা পরিবর্তন সাধন করেছে। এখন যারা হঠাৎ করে আন্দোলনের একক কৃতিত্ব নিজেদের নামে কুক্ষিগত করতে চাচ্ছেন, জনগণ তাঁদের ঠিকই চিনে রাখছে এবং সময় হলে তাঁদের প্রত্যাখ্যান করবে। ইতিহাসও তাঁদের সঠিক স্থানটি বুঝিয়ে দেবে।”

ঐতিহাসিক জুলাই আন্দোলনের সময়ে সংবাদকর্মীদের অসীম সাহসিকতা ও ত্যাগকে শ্রদ্ধার সাথে স্মরণ করে আতিকুর রহমান রুমন আরও বলেন, সেই উত্তাল দিনগুলোতে অনেক সাংবাদিক জীবনের চরম ঝুঁকি নিয়ে রাজপথে দায়িত্ব পালন করেছেন। তারা কেবল সংবাদের প্রচারেই সীমাবদ্ধ ছিলেন না, বরং আন্দোলনের উত্তাল মুহূর্তে অনেক সাংবাদিক নিজেদের ব্যক্তিগত মোটরবাইক ও গাড়িতে করে আমাকেসহ বহু শীর্ষ নেতাকর্মীকে নিরাপদে সরিয়ে নিতে সাহায্য করেছেন। তিনি বিএনপি ও দেশের গণমানুষের পক্ষ থেকে সেসব সাহসী সাংবাদিকদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মন্তব্য করুন