৬ আগস্ট থেকে সবার জন্য উন্মুক্ত জুলাই স্মৃতি জাদুঘর

প্রকাশ: মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ০৩:০৫ অপরাহ্ণ
৬ আগস্ট থেকে সবার জন্য উন্মুক্ত জুলাই স্মৃতি জাদুঘর
সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।

ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি, বীরত্বগাথা ও শহীদদের আত্মত্যাগ সংরক্ষণ ও প্রদর্শনের লক্ষ্যে নির্মিত ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ আগামী ৬ আগস্ট (বৃহস্পতিবার) থেকে সর্বসাধারণের দর্শনের জন্য সম্পূর্ণ উন্মুক্ত করে দেওয়া হবে।

আজ মঙ্গলবার (৪ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী এ তথ্য জানান।

তিনি জানান, আগামীকাল বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে ঐতিহাসিক এই জাদুঘরটির শুভ উদ্বোধন করবেন। উদ্বোধনের পর আমন্ত্রিত সংবাদকর্মীদের জন্য জাদুঘর পরিদর্শনের বিশেষ সুযোগ রাখা হবে।

উদ্বোধনী দিনের প্রথম ভাগের রূপরেখা তুলে ধরে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, “উদ্বোধনের দিনটি মূলত জুলাই গণ-অভ্যুত্থানে জীবন উৎসর্গকারী বীর শহীদদের পরিবারের সম্মানিত সদস্যদের স্মরণে ও পরিদর্শনের জন্য বিশেষভাবে বরাদ্দ রাখা হয়েছে।”

পরদিন ৬ আগস্ট থেকে সর্বসাধারণের জন্য জাদুঘরের দ্বার উন্মুক্ত করার কথা জানিয়ে মন্ত্রী বলেন, প্রদর্শনী কক্ষে একসঙ্গে বিপুলসংখ্যক দর্শনার্থীর চাপ সামলানো এবং শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে নির্দিষ্ট সময়ভিত্তিক (টাইম স্লট) প্রবেশ ব্যবস্থা চালু করা হয়েছে। এজন্য দর্শনার্থীদের আগাম টিকিটের অনলাইন বুকিং দিতে হবে। জাদুঘরে প্রবেশের টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে প্রাপ্তবয়স্কদের জন্য ৫০ টাকা এবং অপ্রাপ্তবয়স্ক বা শিশুদের জন্য ২৫ টাকা।