অচিরেই সিলেট-ঢাকা ৬ লেনের কাজ শেষ করতে চান প্রধানমন্ত্রী

রকিব মুহাম্মদ
প্রকাশ: শনিবার, ০২ মে ২০২৬, ০২:২৪ অপরাহ্ণ
অচিরেই সিলেট-ঢাকা ৬ লেনের কাজ শেষ করতে চান প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: সিলেট-ঢাকা মহাসড়ককে ৬ লেনে উন্নীত করার কাজ দ্রুততম সময়ের মধ্যে শেষ করতে চায় সরকার। জনগণের যাতায়াত নির্বিঘ্ন করতে এই প্রকল্পকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (২ মে) দুপুরে সিলেট সিটি কর্পোরেশন আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নগর ভবনের সামনে অনুষ্ঠিত এই সমাবেশে প্রধানমন্ত্রী দেশের যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নের ওপর জোর দেন।

সমাবেশে প্রধানমন্ত্রী তারেক রহমান যাতায়াতের দীর্ঘসূত্রতা নিয়ে আক্ষেপ প্রকাশ করে একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, "বর্তমানে বিদেশ থেকে দেশে আসতে বা যেতে যতটুকু সময় লাগে, সড়কপথে ঢাকা থেকে সিলেটে আসতেই তার চেয়ে বেশি সময় লেগে যাচ্ছে। আমরা জনগণের এই চরম দুর্ভোগের অবসান ঘটাতে চাই। সেই লক্ষ্যেই সিলেট-ঢাকা মহাসড়ক ৬ লেনে উন্নীত করার কাজ দ্রুত শেষ করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি।"

প্রকল্পের চ্যালেঞ্জ প্রসঙ্গে তিনি একটি গণমাধ্যমকে বলেন, "জমি অধিগ্রহণ নিয়ে বর্তমানে কিছু জটিলতা রয়েছে। তবে আমি সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছি যাতে এই বিষয়গুলো দ্রুত সমাধান করে কাজের গতি বাড়ানো হয়।"

সমাবেশে প্রধানমন্ত্রী জলাবদ্ধতা নিরসন প্রকল্পেরও উদ্বোধন করেন। নগরীর ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, "আজ আমরা এই গুরুত্বপূর্ণ প্রকল্পের কাজ শুরু করলাম। সামান্য বৃষ্টিতেই সিলেট নগরবাসীকে যে অবর্ণনীয় ভোগান্তি পোহাতে হয়, এই প্রকল্প বাস্তবায়িত হলে তার স্থায়ী সমাধান হবে।"

সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদীর এবং শ্রম ও প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী। বক্তারা সিলেটের সার্বিক উন্নয়নে সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের প্রশংসা করেন এবং আধুনিক সিলেট গড়ার অঙ্গীকার পুনব্যক্ত করেন।

মন্তব্য করুন