মনিরামপুরে ঝিকরা খাল খনন উদ্বোধন
আব্দুল্লাহ আল মামুন, যশোর প্রতিনিধি: যশোরের মনিরামপুর উপজেলার ১৫ নম্বর কুলটিয়া ইউনিয়নের ঝিকরা খাল খনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ১১টায় ঝিকরা এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই খনন কাজের উদ্বোধন করেন যশোর-৫ (মনিরামপুর) আসনের সংসদ সদস্য গাজী এনামুল হক।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনিরামপুর উপজেলা আমির অধ্যাপক ফজলুল হক, বিএনপির যশোর জেলা কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাবেরুল হক সাবু এবং মনিরামপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহির দায়ান আমিনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনিক ব্যক্তিবর্গ।
উদ্বোধনী সভায় বক্তারা বলেন, ঝিকরা খালটি দীর্ঘদিন ধরে পলি জমে ভরাট হয়ে থাকায় সামান্য বৃষ্টিতেই বিস্তীর্ণ এলাকার ফসলি জমি তলিয়ে যেত। এই খনন কাজ পুরোপুরি সম্পন্ন হলে এলাকার দীর্ঘদিনের স্থায়ী জলাবদ্ধতা দূর হবে, কৃষি উৎপাদন বহুগুণ বৃদ্ধি পাবে এবং স্থানীয় পরিবেশের ভারসাম্য রক্ষায় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর ফলে সরাসরি সুফল ভোগ করবেন স্থানীয় হাজার হাজার কৃষক ও সাধারণ জনগণ।
এদিকে খালের খনন কাজ শুরু হওয়ায় দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তির আশায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তারা এই সময়োপযোগী উদ্যোগকে স্বাগত জানানোর পাশাপাশি নির্ধারিত সময়ের মধ্যে এবং যথাযথ মান বজায় রেখে যেন খনন কাজ শেষ করা হয়, সে জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য গাজী এনামুল হক বলেন, গ্রামীণ অর্থনীতি সচল রাখতে এবং কৃষকের মুখে হাসি ফোটাতে জলাশয় ও খাল-বিল সংস্কারের কোনো বিকল্প নেই। এই কাজে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না।
এআইএল/সকালবেলা
|