নাড়ির টানে বাড়ি ফিরছে মানুষ, বাড়তি ভাড়ার অভিযোগ

নাড়ির টানে বাড়ি ফিরছে মানুষ, বাড়তি ভাড়ার অভিযোগ

রেজাউল করিম মজুমদার, গাজীপুর: আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নাড়ির টানে বাড়ি ফিরতে শুরু করেছে মানুষ। শেষ মুহূর্তের ভিড়, যানজট আর বাড়তি ভোগান্তি এড়াতে অনেকেই ক্যালেন্ডারের সরকারি ছুটির অপেক্ষা না করে আগেভাগেই গাজীপুর ছাড়ছেন।

মঙ্গলবার (১৭ মার্চ) সকাল থেকেই গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে স্টেশন, চৌরাস্তা, চন্দ্রা ও নাওজোর বাস টার্মিনালগুলোতে ঘরমুখো মানুষের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে। বিশেষ করে পরিবার-পরিজন নিয়ে যারা বাড়ি যাচ্ছেন, তাদের সংখ্যাই বেশি।

জয়দেবপুর স্টেশন মাস্টার জানিয়েছেন, ঈদযাত্রার ট্রেনগুলো পূর্ণ দমে চলাচল শুরু করেছে। যাত্রীসেবা নিশ্চিতে সব আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। স্টেশনে যাত্রীদের চাপ থাকলেও এখন পর্যন্ত ট্রেনগুলো নির্ধারিত সময়েই ছেড়ে যাচ্ছে। যাত্রীরা জানান, অনলাইনে টিকেট কাটার সুবাদে স্টেশনে এসে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে না।

এদিকে বাস টার্মিনালগুলোতে গত কয়েক দিনের তুলনায় আজ যাত্রীদের ভিড় অনেকটাই বেশি। পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, মূলত বেসরকারি চাকরিজীবী এবং শিক্ষার্থীদের পরিবারগুলো আগেভাগে গাজীপুর ছাড়তে শুরু করেছে। চন্দ্রা বাস টার্মিনালে অপেক্ষারত রাজু আহমেদ বলেন, “ঈদের আগের দিনগুলোতে যে পরিস্থিতি হয়, তাতে বাচ্চাদের নিয়ে যাতায়াত করা অসম্ভব। তাই ভোগান্তি এড়াতে আগেই রওনা হলাম।”

তবে যাত্রাপথে বাড়তি ভাড়ার অভিযোগ তুলেছেন অনেক যাত্রী। তাঁদের দাবি, গন্তব্যভেদে নির্ধারিত ভাড়ার চেয়ে ১০০ থেকে ২০০ টাকা পর্যন্ত বেশি নেওয়া হচ্ছে। তবুও পরিবারের সঙ্গে ঈদ উদযাপনের টানে এসব সহ্য করেই বাড়ির পথে ছুটছেন মানুষ।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, মহাসড়কে ফিটনেসবিহীন গাড়ি চলাচল বন্ধ এবং অতিরিক্ত ভাড়া আদায় রোধে ভ্রাম্যমাণ আদালত সক্রিয় রয়েছে। এছাড়া যানজট নিরসনে হাইওয়ে পুলিশ ও স্বেচ্ছাসেবীরাও কাজ করছেন। বাস টার্মিনাল এলাকাগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থানে যাত্রীদের মাঝে কিছুটা স্বস্তি দেখা গেছে।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন